কর্ম ও আচরণের মাধ্যমে কামারুজ্জামান মানবতাবিরোধী অপরাধ করেছেন

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৩৭
কর্ম ও আচরণের মাধ্যমে জামায়াত নেতা এম কামারুজ্জামান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার এই অপরাধকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ অনুযায়ী ‘ঊর্ধ্বতন নেতৃত্বের দায়’ আছে এমন কোন ব্যক্তি অপরাধমূলক ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও তিনি অভিযুক্ত হবেন। এ কারণে ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলে আল বদর বাহিনী যত অপরাধ করেছে তার সমস্ত দায় কামারুজ্জামানের উপর বর্তিয়েছে। কামারুজ্জামান যে আল বদর বাহিনীর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সংগঠক ছিলেন দৈনিক সংগ্রামের তত্কালীন সময়ের একটি প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে প্রমাণ করেছেন। এছাড়া এ বিষয়ে আরো কিছু দালিলিক প্রমাণের কথা রায়ে উল্লেখ রয়েছে। এদিকে আসামিপক্ষ দাবি করেছেন, যখন অভিযোগ (চার্জ) গঠন করা হয় তখন কামারুজ্জামানের বিরুদ্ধে ৪(২) ধারার কোন (সুপিরিয়র রেসপনসিবিলিটির) অভিযোগ ছিলো না। এছাড়া সুপিরিয়র রেসপনসিবিলিটির অভিযোগ কোন বেসামরিক ব্যক্তির উপরে বর্তায় না। এটি প্রতিরক্ষা বাহিনীর কোন কমান্ডার বা সুপিরিয়র অফিসারের দায়। তবে রায়ে বলা হয়েছে, ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বেসামরিক নেতৃত্বের উপরও বর্তাবে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কামারুজ্জামানসহ এখন পর্যন্ত ৪টি মামলার রায় হয়েছে। এর মধ্যে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবুল কালাম আযাদের ফাঁসি এবং কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ড হয়েছে। কিন্তু কামারুজ্জামান ছাড়া অন্য কারো বিরুদ্ধে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র অভিযোগ ছিলো না। অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ ছিলো। ফলে প্রত্যক্ষদর্শীর সাক্ষীর ভিত্তিতে তাদের দণ্ড দিতে হয়েছে। কিন্তু কামারুজ্জামানের দণ্ড হয়েছে ভিন্ন ইস্যুতে। তার আচরণ ও কর্মের বিষয়টি ট্রাইব্যুনাল বিবেচনায় নিয়েছেন। কামারুজ্জামানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সোহাগপুর গ্রামের ১৬৪ জন মানুষকে হত্যার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাকে যে দু’টি অভিযোগে ফাঁসির দণ্ড দেয়া হয়েছে সোহাগপুরের ঘটনা তার একটি। এ প্রসঙ্গে রায়ে বলা হয়েছে, বৃহত্তর ময়মনসিংহের আল বদর নেতা হিসেবে কামারুজ্জামান পরামর্শকের ভূমিকা পালন করেছিলেন। তিনি অনেক লোককে হত্যা ও ধর্ষণের বিষয়ে জানতেন। কামারুজ্জামান একাই এ অপরাধ না করলেও আল বদর বাহিনী দলগতভাবে এ অপরাধ করেছেন। ট্রাইব্যুনাল ধারণা করেছে আল বদর বাহিনীর সোহাগপুর অভিযানে কামারুজ্জামানের অনুমোদন ও পরামর্শ ছিলো। গোলাম মোস্তফাকে অপহরণ ও হত্যার দায়েও কামারুজ্জামানের ফাঁসির রায় হয়। রায়ে বলা হয়, আল বদরের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। রায়ে বলা হয়, গোলাম মোস্তফাকে হত্যার বিষয়ে কামারুজ্জামান অবগত ছিলেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কি ছিলেন না- সেটা তাত্পর্যপূর্ণ নয়। কামারুজ্জামানের ভূমিকায় মনে হয় তিনি অপরাধ করেছেন। এ দুটি অপরাধকে ট্রাইব্যুনাল ঊর্ধ্বতন নেতৃত্বের দায় (সুপিরিয়র রেসপনসিবিলিটির) চিহ্নিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ আইনের ৪ এর ২ ধারায় ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র অপরাধের বর্ণনা রয়েছে। এতে বলা হয়েছে, কোনো কমান্ডার বা ঊর্ধতন কর্মকর্তা (সুপিরিয়র অফিসার) যে নির্দেশ দেয়, অনুমতি দেয়, সায় দেয় বা বিনা আপত্তিতে মেনে নেয় অথবা মানবতার বিরুদ্ধে যায় এমন অপরাধ সংগঠনে অংশ নেয়া, অথবা এ ধরনের কোনো অপরাধ সংগঠনের পরিকল্পনায় বা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে অথবা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার যে দায়িত্ব তা পালনে ব্যর্থ হয় বা সম্পাদন করতে পারে না, অথবা তার অধীনে থাকা ব্যক্তিদের নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান করতে ব্যর্থ হয়, ওই সব ব্যক্তিরা বা অধীনস্থরা বা তাদের কেউ যদি কোনো ধরনের অপরাধ করে এবং এ ধরনের অপরাধ রোধে যদি কেউ ব্যর্থ হয় তবে সে ঐ অপরাধের জন্য দোষী সাব্যস্ত হবেন। অর্থাত্ অন্যের অপরাধ ঠেকাতে না পারলেও তিনি অভিযুক্ত হবেন। রায়ে বলা হয়, ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বেসামরিক নেতাদের ওপরও বর্তায়। কারণ, অধস্তন বা প্রকৃত অপরাধীদের ওপর তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকে। এটা সামরিক কমান্ডারদের মতোই। এক্ষেত্রে সামরিক কমান্ডারদের মতো অধীনস্থদের উপর ডিসিপ্লিনারি ক্ষমতা ও কমান্ড অবস্থান বেসামরিক ব্যক্তিদেরও থাকবে তা জরুরি নয়। এছাড়া ঊর্ধ্বতন অবস্থান দেখানোর জন্য কোনো আনুষ্ঠানিক চিঠি বা ডকুমেন্টেরও প্রয়োজন নেই। এটা প্রমাণিত হয়েছে যে, অভিযোগের অপরাধগুলো সংঘটিত হয়েছে দুটি আলবদর ক্যাম্পে বা আলবদর সদস্যদের মাধ্যমে অথবা আহম্মেদনগর সেনাক্যাম্পে। কামারুজ্জামানের আচার-আচরণ, কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে যে তথ্য পাওয়া যায় তাতে স্পষ্ট হয় যে, আলবদর ক্যাম্পগুলোতে বা আলবদর সদস্যদের উপর দৃঢ় নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল। আলবদরকে মনে করা হতো পাকিস্তানপন্থি রাজনৈতিক দল জামায়াতের ‘অ্যাকশন সেকশন’। আলবদর সদস্যদের উপর নিয়ন্ত্রণ থাকায় কামারুজ্জামান তাদের এ ধরনের অপরাধ করা থেকে বিরত রাখতে পারতেন। কিন্তু কামারুজ্জামান তা না করে বরং অপরাধ করতে আলবদর বাহিনীর সদস্যদের পরিচালনা করেছেন, পরিকল্পনা করেছেন, পরামর্শ, উস্কানি ও নৈতিক সমর্থন দিয়েছেন। এসব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ এর ৪ (২)-এর অধীন ‘থিওরি অব সিভিলিয়ান সুপিরিয়র রেসপন্সসিবিলিটি’র আওতায় সহযোগী আলবদর সদস্যদের অপরাধের জন্য কামারুজ্জামান দায়ী। এছাড়া কামারুজ্জামান যে আলবদর বাহিনীর ময়মনসিংহ অঞ্চলের সংগঠক ছিলেন তাও আদালতে প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে রায়ে বলা হয়, একাত্তরের ১৬ আগস্ট দৈনিক সংগ্রামের একটি প্রতিবেদন অনুসারে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে পাকিস্তানের ২৫তম আজাদী দিবস উপলক্ষে আয়োজিত সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেছেন ‘আলবদর বাহিনীর প্রধান সংগঠক’ কামারুজ্জামান। ওই সময় থেকে আজ পর্যন্ত সংগ্রামকে জামায়াতের দলীয় মুখপত্র হিসেবে বিবেচনা করা হয়। এজন্য সাক্ষ্য হিসেবে ওই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। এছাড়া অধ্যাপক আবু সাইয়িদের বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ শীর্ষক বই ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র প্রকাশিত ‘একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়’ শীর্ষক বইয়েও কামারুজ্জামানকে ‘আলবদরের প্রধান সংগঠক’ হিসেবে চিহ্নিত করা আছে। এছাড়া ১৯৭২ সালের ১২ ফেব্রুয়ারি পুলিশের সহকারী মহাপরিদর্শকের স্বাক্ষরিত তালিকাভুক্ত দালালদের একটি নথিতে বলা হয়েছে, মোহাম্মদ কামারুজ্জামান (তালিকায় ২৮৭ নম্বর) একাত্তরের ২৯ ডিসেম্বর আলবদর হিসেবে ধরা পড়েন এবং তাকে কারাগারে পাঠানো হয়। ওই সময় আসামির গ্রেফতার হওয়ার ঘটনা আসামিপক্ষের চতুর্থ সাক্ষী ও কামারুজ্জামানের বড় ভাই স্বীকার করেছেন। একাত্তরের ৩১ ডিসেম্বরের দৈনিক আজাদ, দৈনিক পূর্বদেশ ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিবেদনেও দেখা যায়, ওই সময়ে গ্রেফতার হওয়া আসামি কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন। এসব নথিপত্র এটাই প্রমাণ করে, তিনি বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনী গঠন, সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া প্রভৃতি বিষয় সমন্বয় করতেন। ফলে বদর বাহিনীর সকল দায় কামারুজ্জামানের উপর বর্তিয়েছে। এ প্রসঙ্গে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, কামারুজ্জামানের রায়টি তিনটি কারণে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রথমত, এই রায়ে সুপিরিয়র রেসপনসিবিলিটির বিষয়টি প্রতিষ্ঠা পেয়েছে। কারণ কামারুজ্জানের নেতৃত্বে আলবদর বাহিনী ময়মনসিংহ এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। এই রায় মানবতাবিরোধী অপরাধের অপর মামলাগুলো বিশেষ করে গোলাম আযমসহ অন্যান্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই রায়ের মধ্য দিয়ে একজন বেসামরিক ব্যক্তির নেতৃত্বের দায়বদ্ধতা প্রতিষ্ঠা পেল। দ্বিতীয়ত, এই মামলায় আলবদর বাহিনীর অপরাধ সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে। ভবিষ্যতে জামায়াতকে দল হিসেবে বিচারের ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ। আলবদর বাহিনী সম্পর্কে যে বক্তব্য রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে তা মামলার সিদ্ধান্ত হিসেবে এসেছে। তৃতীয়ত, মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় হত্যা, লুণ্ঠনসহ নানা অপরাধের বিষয় রয়েছে। এই মামলায় কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত দ্বিতীয় অভিযোগ অধ্যক্ষ হান্নানকে নির্যাতন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি এই যে, প্রকাশ্যে তাকে চাবুকপেটা করে নির্যাতন করা হয়েছে। এটা অমানবিক কাজ। কারণ হান্নান ছিলেন একজন শিক্ষক। তিনি সমাজের সম্মানিত ব্যক্তি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে অমানবিক কাজের বিচার হয়েছে। যেমন ইরাকের সাদ্দাম হোসেনের মামলায় বাড়িঘর ভাঙ্গাকে অমানবিক কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অমানবিক কাজের বিচার করে ট্রাইব্যুনাল জুরিসপ্রুডেন্সে একটি নতুন সিদ্ধান্ত যুক্ত করল। তবে এ রায়ের বিরোধিতা করে কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট এম তাজুল ইসলাম বলেন, প্রথম অভিযোগ (বদিউজ্জামানকে অপহরণ, নির্যাতন, হত্যা) প্রমাণে রাষ্ট্রপক্ষ দুইজন শোনা সাক্ষীকে পেশ করেছে। এখানে কোনো দেখা সাক্ষী ছিল না। তাজুল বলেন, আইসিটিওয়াই, আইসিটিআর এবং পূর্ব তিমুরের যুদ্ধাপরাধের বিচারের আটটি মামলার উদাহরণ আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। ওইসব ট্রাইব্যুনালে শোনা সাক্ষীর উপর ভিত্তি করে কাউকে শাস্তি দেয়া হয়নি। কিন্তু কোন প্রত্যক্ষ বা সহায়ক সাক্ষী ছাড়া ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষের ৪ ও ৬ নম্বর সাক্ষীর শোনা কথার ওপর নির্ভর করেছে। এর মাধ্যমে ট্রাইব্যুনাল অনুমান নির্ভর রায় দিয়েছে। দ্বিতীয় অভিযোগের (অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে নগ্ন করে নির্যাতন) বিষয়ে তিনি বলেন, এ অভিযোগে রাষ্ট্রপক্ষের মাত্র একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী বলেছেন, অধ্যক্ষ হান্নানের মাথা মোড়ানো হয় এবং শহরে ঘোরানো হয়। কিন্তু এর মাধ্যমে তাকে চাবুক মারা এবং নগ্ন করে শহরে ঘোরানো বিষয়টি প্রমাণ হয় না। আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপনকালে বলেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনে কোথাও বলা হয়নি কাউকে লজ্জা দেয়া বা অপমান করা মানবতার বিরোধী অপরাধ। অ্যাডভোকেট তাজুল বলেন, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখনো জীবিত আছেন। কিন্তু তাকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে আনা হয়নি। এমনকি দেশ স্বাধীনের পর এই অভিযোগে যে মামলা থানায় করা হয়েছিলো তাতে কামারুজ্জামান নয় অন্য ব্যক্তিদের আসামি করা হয়। তিনি বলেন, শেরপুরের সোহাগপুরে ১৬৪ জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল তার রায়ে বলেছেন, এতে কামারুজ্জামানের পরামর্শ ও অনুমোদন ছিলো। কিন্তু কামারুজ্জামান কিভাবে পরামর্শ দিয়েছেন তা সাক্ষ্য প্রমাণে স্পষ্ট হয়নি। শুধু ধারণা থেকে কাউকে ফাঁসির দণ্ড দেয়া যায় না। এছাড়া ধর্ষণের কোনো অভিযোগ চার্জে ছিলো না। কিন্তু সোহাগপুরে ধর্ষণের জন্য কামারুজ্জামানকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রপক্ষ স্বীকার করেছেন, ঘটনার সময় কামারুজ্জামান ১৮ থেকে ১৯ বছরের একজন যুবক ছিলেন। ১৮/১৯ বছরের একজন কিশোর এ ধরনের হত্যাকাণ্ডের জন্য কীভাবে পেশাদার পাকিস্তানি আর্মিকে পরামর্শ দিতে পারে। এটা সত্যিই অবিশ্বাস্য। চতুর্থ অভিযোগের (গোলাম মোস্তফাকে অপহরণ ও হত্যা) বিষয়ে তিনি বলেন, এ মামলায় তিন সাক্ষীকে পেশ করেছে রাষ্ট্রপক্ষ। তারা সবাই শোনা সাক্ষী। কেউ এ হত্যাকাণ্ড দেখেনি। একমাত্র ৫ম সাক্ষী ঘটনার দিনটি (২৩ আগস্ট ১৯৭১) স্মরণ করতে পেরেছেন। রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হত্যাকাণ্ডের দিন সম্পর্কে তিনটি ভিন্ন তারিখ বলেছেন। ৭ নম্বর অভিযোগে (৬ জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা) কামারুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ এখানে কোনো দেখা বা শোনা সাক্ষী আনতে পারেনি যারা বলেছে কামারুজ্জামানের নির্দেশে দারা মিয়াকে ধরে নিয়ে যাওয়া হয়। কোনো সাক্ষী বলেন, দারাকে কীভাবে কামারুজ্জামানের নির্দেশে ধরে নিয়ে যাওয়া হয়। এ অভিযোগ প্রমাণিত হয়নি। রাষ্ট্রপক্ষের ১, ৯ ও ১৫ নম্বর সাক্ষী বলেনি কামারুজ্জামান দারাকে ধরে নেয়ার ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। জেরায় ১ নম্বর সাক্ষী বলেননি দারা মিয়াকে কবে খুন করা হয়। ৯ নম্বর সাক্ষী শুনেছিলেন দারাকে ধরে ক্যাম্পে নিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু কীভাবে তাকে ধরা ও হত্যা করা হয় সে বিষয়ে কিছু বলেননি। অ্যাডভোকেট তাজুল আরো বলেন, জোর করে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র রায় কামারুজ্জামানের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। চার্জ গঠনকালে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ ছিলো না। তার বিরুদ্ধে কোন ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকার কারণে শাস্তি দেয়ার জন্য ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র ধারা বসিয়ে দেয়া হয়েছে। এছাড়া ৪ (২) ধারায় বেসামরিক ব্যক্তিদের অপরাধের বিচার করা যায় না। এটি করা হয়েছিল সামরিক বাহিনীর সদস্যদের বিচার করার জন্য। অ্যাডভোকেট তাজুলের কয়েকটি বক্তব্যের জবাবে ব্যারিস্টার তুরিন বলেন, নুরেমবার্গ ট্রায়ালে ৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে তাদেরকে বিচার করা হয়েছে। কারণ ওই প্রতিষ্ঠানগুলো নািস বাহিনীর সমর্থনে কাজ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ৪ (২) ধারায় বেসামরিক ব্যক্তির সুপিরিয়র রেসপনসিবিলিটির কথা বলা হয়েছে। তিনি বলেন, সুপিরিয়র রেসপনসিবিলিটি তো কোন অপরাধ নয়। এটি হলো ‘মোড অব কমিটিং দ্যা অফেন্স।’ অর্থাত্ অপরাধ কি উপায়ে সংঘটিত হয়েছে সেটাই বিবেচ্য বিষয়। ব্যারিস্টার তুরিন আরো বলেন, সোহাগপুরের ঘটনায় তিনজন নারী ক্যামেরা ট্রায়ালে এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তারা তাদের উপর নির্মম নির্যাতনের কথা সাক্ষ্যে তুলে ধরেছেন। অধ্যক্ষ হান্নানকে কেন ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে আনা হয়নি সে ব্যাপারে ব্যারিস্টার তুরিন বলেন, তার বয়স এখন ৯০ বছর। তিনি স্মৃতিভ্রষ্ট হয়েছেন। সেজন্য তাকে ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি।