শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা মৌলিক গণতান্ত্রিক অধিকার। সহিংসতা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ডেপুটি মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল এ কথা বলেন।
বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত ডেপুটি মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল বলেন, একাত্তরে যারা নৃশংস অপরাধ করেছে তাদের বিচারের পক্ষে আমাদের সমর্থন রয়েছে। তবে আমরা মনে করি, এ ধরনের বিচার অবশ্যই অবাধ, স্বচ্ছ ও জবাবদিহিতার সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে হবে। এছাড়া বাংলাদেশ সরকারের কাছে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একইসাথে সবাইকে ‘শান্তিপূর্ণভাবে’ মতামত প্রকাশেরও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
সাভারে ভবন ধসে বিপুল প্রাণহানির প্রেক্ষাপটে হালগানাদ তথ্য জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম দপ্তর, যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতা ও পোশাক খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গেই শুধু নয়, সরাসরি বাংলাদেশ সরকারের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছি।
