পাকিস্তানে সাধারণ নির্বাচন আজ সহিংসতার আশঙ্কা

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৩৭
পাকিস্তানে আজ শনিবার সাধারণ নির্বাচন। দেশটিতে ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করে পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অপহূত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পুত্র আলি হায়দার গিলানি। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো হুমকির মুখে দেশত্যাগ করেছেন। রয়েছে নির্বাচনের দিন তালেবানেরনানা হুমকি। এসব বাস্তবতাকে সামনে রেখেই হতে যাচ্ছে নির্বাচন। আশঙ্কা করা হচ্ছে সহিংসতার। নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তায় স্পর্শকাতর কেন্দ্রগুলোতে মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী। প্রধান নির্বাচন কমিশনারের অনুরোধে এ ব্যাপারে সম্মত হয়েছেন সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি। উল্লেখ্য, বিগত পিপিপি সরকার মেয়াদ শেষ করার পর নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। -খবর বিবিসি, ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় রাজনৈতিক দলগুলো জনগণের সমর্থন চেয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত ১১৭ জন নিহত হয়েছে। গতকালও পেশোয়ারে বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান ইতোমধ্যে নির্বাচনে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে। ধর্মনিরপেক্ষ দলগুলোর ওপরও হামলার হুমকি দেয়া হয়েছে জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে। নির্বাচনে নারীরা ভোট সুষ্ঠুভাবে দিতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। লোয়ার দির নামে একটি জেলায় নারীদের ভোট না দেয়ার ব্যাপারে তিনটি দল পিপিপি, এএনপি এবং জেআই গোপন সমঝোতা করেছে। এবারের নির্বাচনে মূলত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টি, নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-এন এবং ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। বেশিরভাগ জনমত জরিপে দেখা গেছে, নওয়াজ শরীফের দল এগিয়ে। পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফ বৃহস্পতিবার লাহোরে নির্বাচনী শেষ সমাবেশে বলেন, আপনারা যদি আমাদের পাঁচটি বছর সময় দেন তাহলে দেখতে পাবেন আমরা দেশের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান তেহরিক-ই-ইনসাফ দলের নেতৃত্ব দিচ্ছেন। এক নির্বাচনী সমাবেশে মঞ্চ থেকে পড়ে গিয়ে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন ইমরান ভিডিও লিংকে ইসলামাবাদের এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন পাকিস্তান গড়ে তোলার আগে খোদা আমাকে পৃথিবী থেকে নেবেন না। ইসলামাবাদের অদূরে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বড় সমাবেশ করে। দলটির চেয়ারম্যান সাবেক নিহত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টোও ভিডিও লিংকের মাধ্যমে ওই সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমার মা জাতির জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজেকে উত্সর্গ করেছেন। আমার বাবা সবসময়ই বলতেন, পাকিস্তানই আমাদের অগ্রাধিকার। এখন সেই অঙ্গীকার পূরণই আমাদের দায়িত্ব।