চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরানোর সিদ্ধান্ত

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৩৮
চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে নিবে জেলা প্রশাসন। আপাতত পাহাড়তলী রেলওয়ে স্কুলের মাঠে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তাঁবুতে তাদের রাখা হবে। গত বৃহস্পতিবার এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএ এইচ হুমায়ুন কবিরকে প্রধান করে ১৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান ইত্তেফাককে জানান, কমিটির কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাঁবুগুলো খুবই উন্নতমানের। কমিটি ২/১ দিনের মধ্যে কাজ শুরু করবে। ব্যক্তি মালিকানাধীন পাহাড়ে কোন দুর্ঘটনা ঘটে হতাহত হলে সংশ্লিষ্ট পাহাড়ের মালিককে তার দায়-দায়িত্ব বহন করতে হবে। তাদের শিগগিরই এ ব্যাপারে চিঠি দেয়া হবে। সূত্র জানায়, চট্টগ্রামে ১৩টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। এসব পাহাড়ে ঝুঁকির মধ্যে বসবাস করছে কয়েক হাজার পরিবার।পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসতি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সিডিএ, সিটি কর্পোরেশন, রেলওয়ে ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিটি কর্পোরেশনের পক্ষে সচিব মো. শামসুদ্দোহা উপস্থিত ছিলেন। তিনি বলেন, টাইগারপাস এলাকায় আমাদের একটি পাহাড়ে কিছু ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। তাদের টাইগারপাস এলাকায় কর্পোরেশনের মালিকানাধীন পাহাড়ে সরিয়ে নেয়া হবে। সূত্র জানায়, গত কয়েক বছর যাবত্ পাহাড় ধসের ঘটনায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটছে। এদের মধ্যে ২০০৭ সালে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। ঐ বছর পাহাড় ধসে প্রায় ১২৭ জন নারী-পুরুষ ও শিশু মারা যায়। গত ৬ বছরে নগরীর বিভিন্ন পাহাড়ে পাহাড় ধসে প্রায় ১৮০ জন লোক প্রাণ হারায়। চট্টগ্রামে গত এক সপ্তাহ যাবত্ টানা বৃষ্টিপাতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়ে। এবার পাহাড় ধসে যাতে কোন প্রাণহানির ঘটনা না ঘটে তাই জেলা প্রশাসন আগেভাগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে। কয়েকদিন আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা লালখান বাজার ও মতিঝর্ণা এলাকায় গিয়ে বসবাসকারীদের সরে যেতে নির্দেশ দিয়েছেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন বসবাসকারীদের সরে যেতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, কোন বসবাসকারী এখনো পর্যন্ত সরে যায়নি। রেলওয়েসূত্র জানায়, তাদের মালিকানাধীন লালখান বাজার, বাটালী হিল, মতিঝর্ণা, আমবাগান, জোড়া ডেবার পাড়, জাকির হোসেন রোড, ষোলশহর, ফয়েস লেকসহ আরো কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ অসংখ্য বসতি রয়েছে। এদিকে ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের মধ্যে ইস্পাহানি ও একে খান শিল্প গোষ্ঠীর মালিকানাধীন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। বসবাসকারীদের সরে যেতে তারাও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে।