সাভার ট্র্যাজেডি :আরো ২৮ লাশ উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৩৮
সাভারে রানা প্লাজা ধসের ১৭তম দিনে আরো ২৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গতকাল শুক্রবার উদ্ধারকৃত মোট লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪৭। এদের মধ্যে ৭১০টি লাশ শনাক্তের পর তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সেনাবাহিনীর কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে ২৮টি লাশ। ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে রয়েছে ১১১টি লাশ। পরিচয় শনাক্ত করতে না পারায় মোট ১৫৭ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে জুরাইন কবর স্থানে। এদিকে উদ্ধারকর্মীরা এ পর্যন্ত নয়তলা ভবনের সামনের দিকের ধ্বংসস্তূপ সরাতে পেরেছেন। তবে ভবনের বেজমেন্টে এখনো ঢুকতে পারেননি। ভবনের পেছনের অংশে উদ্ধার তত্পরতা শুরু হয় বুধবার রাতে। সেখানে দুটি ফ্লোরের কংক্রিটের স্তূপ সরানো হলেও পেছনেই আরেকটি ভবন থাকায় উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে বলে ফায়ার ব্রিগেডের কর্মীরা জানান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আরো জানান, উদ্ধার কাজ শেষ হতে আরো কয়েক দিন লাগতে পারে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। তারা আরো জানান, লাশ উদ্ধার পরবর্তী সময়ে তা শনাক্তের জন্য লাশের পকেটে থাকা মোবাইল ফোন কিংবা আইডি কার্ডের সাহায্য নেয়া হচ্ছে। লাশের পচন ধরায় পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর দিকে মৃতদেহগুলোর ডিএনএ প্রোফাইল তৈরির দায়িত্বে নিযুক্ত একজন বিশেষজ্ঞ আহমেদ ফেরদৌস বলেন, পুরো বিষয়টি বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তিনি জানান, এখনো পর্যন্ত ১৫০টি মতো মৃতদেহের দাঁত সংগ্রহ করা হয়েছে। আর প্রায় ৩০০টির মতো আত্মীয়-স্বজনের শরীরের নমুনা পাওয়া গেছে। তিনি আরো বলছেন, দাঁত থেকে ক্যালসিয়াম তৈরি করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাতে প্রায় দু’মাসের মতো সময় লাগবে। আর তারপর রয়েছে তথ্যগুলো কম্পিউটারে মেলানো। তারপর আত্মীয়দের স্যাম্পলগুলোর সাথে তা যাচাই-বাছাই করা। যে প্রক্রিয়ায় এগুচ্ছে তাতে ডিএনএ প্রতিবেদন প্রস্তুত হতে সবমিলিয়ে তিন মাসের মতো লাগবে বলে তিনি জানিয়েছেন। এদিকে ঘটনাস্থল রানা প্লাজার সামনেসহ আশপাশের হাসপাতালগুলোতে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা। জীবিত পাওয়ার আশা ছেড়ে এখন শুধু লাশটি পাওয়ার জন্যই অপেক্ষার প্রহর গুনছেন তারা। প্রিয় মানুষটির জন্য তারা ক্লান্তিহীন সময় পার করছেন । লাশ উদ্ধারের খবর পেলেই সেখানে হুমড়ি খেয়ে পড়ছে অপেক্ষারত স্বজনরা।