ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান যদি বৈধ হয়, তাহলে শাপলা চত্বরে হেফাজতের দাবি আদায়ের অবস্থান অবৈধ হবে কেন? এমন পক্ষপাতদুষ্ট আচরণের জন্য অপেক্ষা করছে সরকারের করুণ পরিণতি। সেদিন বেশি দূরে নয়, যখন সরকার এই পরিণতি হাড়ে হাড়ে টের পাবে। তিনি আরো বলেন, আলেম-ওলামা, মাদ্রাসা-মসজিদের প্রতি মানুষ যদি বিমুখ হয়ে যায় তাহলে দেশে ইসলাম থাকবে না। যুদ্ধাপরাধীদের বিচার করবে আদালত। গণজাগরণ মঞ্চ কে? সাংবিধানিকভাবে এর কোন বৈধতা আছে কিনা দেশবাসী তা জানতে চায়।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর পুরানা পল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ইসলামকে ধ্বংস করার প্রাথমিক নীলনকশা হিসাবে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসাগুলোকে বিতর্কিত করতে চায়। মাদ্রাসাগুলো এবং আলেম-ওলামা যদি বিতর্কিত হয়, তাহলে আলেম-ওলামাদের প্রতি মানুষের ভক্তি-শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে। দেশে সুস্থ ও শান্তিময় পরিবেশ বজায় রাখা সরকারের দায়িত্ব। তিনি বলেন, একজন আলেম বা একজন ধর্মপ্রাণ মুসলমান কখনো পবিত্র কোরআন পোড়াতে পারে না। সরকার আগুন নিয়ে নতুনভাবে খেলায় মেতে উঠেছে। এ খেলা বন্ধ না করলে সরকারের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আলেম-ওলামারা হত্যা-নৈরাজ্য, লুট-পাট এবং অগ্নিসংযোগ করতে পারে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান প্রমুখ।
