বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, গত ৫ মে রাতে তিন ঘণ্টার বেশি সময় বিদ্যুত্ বন্ধ করে শাপলা চত্বরে সমবেত বহু মানুষকে হত্যা করা হয়েছে। সরকারকে বলব, এই ঘটনা আড়াল না করে অবিলম্বে একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করুন। এটি না করলে আমরা জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি জানাব। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ এ কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, একদিকে সরকার বলছে, ৫ মের ঘটনায় কোনো হতাহত হয়নি। তাহলে আমাদের প্রশ্ন, কেন অভিযানের সময় গণমাধ্যমকে সেখানে যেতে দেয়া হয়নি? দিগন্ত টিভি ও ইসলামিক টিভি‘র সমপ্রচার কেন বন্ধ করে দেয়া হয়েছে? এসব কারণে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশের পরিস্থিতি সরকার এমন জায়গায় নিয়ে গেছে, এখন আর সংলাপের কোনো পরিবেশ নেই। তারা ক্ষমতায় আসার পর থেকেই প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছেন। যেনতেনভাবে দেশ চালানোয় এখনকার ক্ষমতাসীনরা এক সময় নিজেরাই অনুতপ্ত হবেন। তাই সরকারকে বলছি, ভুল পথ থেকে সরে আসুন। মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে বন্দুক-গুলি দিয়ে দমন করা যাবে না।
ফোরামের প্রধান সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, হূদয়ে বাংলাদেশের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইয়ুথ ফোরামের উপদেষ্টা সৈয়দ মুনসিফ আলী বক্তব্য দেন।
