রানা প্লাজা ধসে পড়ার সপ্তদশ দিনে ধ্বংসস্তূপ থেকে পোশাক কর্মী রেশমা বেগম জীবিত উদ্ধার হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। উদ্ধার কাজে নিয়োজিত সবাইকে অভিনন্দনও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
গতকাল শুক্রবার বিকেলে রেশমাকে উদ্ধারের পর এক বার্তায় খালেদা জিয়া বলেন, ‘মহান রাব্বুল আলামীনের অশেষ রহমত এবং অপার মহিমায় দীর্ঘ ১৭ দিন পর অলৌকিকভাবে জীবিত অবস্থায় রেশমা উদ্ধার হয়েছে। এজন্য উদ্ধার কাজে নিয়োজিত সব সদস্যদের আমি প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ উদ্ধারের আশা যখন প্রায় ক্ষীণ হয়ে পড়েছিল, ঠিক তখনই রেশমাকে জীবিত অবস্থায় উদ্ধারে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।’ সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন রেশমার সুস্থতা কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। জানা গেছে, খালেদা জিয়ার নির্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী ও ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান গতরাতে রেশমাকে দেখতে সাভার সিএমএইচ-এ যান।
