বিশিষ্ট আইনজ্ঞ ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা একটি রাষ্ট্রীয় ব্যর্থতা। রাষ্ট্র শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘সাভার ট্র্যাজেডি : আইন ও সর্বোচ্চ শাস্তি এবং ক্ষতিপূরণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি প্রত্যেক মৃত ব্যক্তিকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি আহতদের অঙ্গ-প্রতিস্থাপনের দায়দায়িত্ব সরকার ও মালিকদের সমন্বিতভাবে নেয়ার দাবি জানান।
গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ আয়োজিত এ সেমিনারে অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাখেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, অধ্যাপক আসিফ নজরুল, অ্যাড. নেছার আহমেদ, শ্রমিক নেতা শাহ আতিউল ইসলাম, আবুল হোসাইন, মন্টু ঘোষ, আসলিমা আক্তার প্রমুখ।
বদিউল আলম মজুমদার বলেন, দেশের রাজনীতি এখন দুষ্ট ব্যবসায়ী-চক্রের জালে বন্দি। তিন ডজন সংসদ সদস্য তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত। তাই আজকে প্রশ্ন উঠেছে কারা এই রানার বিচার করবে? মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন না করা পর্যন্ত এসব ঘটনা কমানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া একজন মানুষের সারা জীবনের রোজগার বিবেচনায় রেখে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৪২ বছরের নোংরা রাজনীতির শিকার হয়েছে এসব শ্রমিকরা। এ নোংরা রাজনীতি বন্ধ করতে না পারলে এসব ঘটনা ঘটতে থাকবে। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সাভারের এই ঘটনায় সরকারের তদন্ত কমিটি স্বাধীনভাবে তদন্ত করতে পারবে না। এজন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।
দুর্বৃত্তায়নের রাজনীতি রানাকে তৈরি করেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেছেন, রানাকে মৃত্যুদণ্ড দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। রানার মতো মানুষরূপী দানব শুধু আওয়ামী লীগে নয়, বিএনপি ও জামায়াতের ঘরেও আছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল সাভারের রানা প্লাজা ধসের ঘটনাকে স্মরণকালে মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় মন্তব্য করে বলেন, নিহত আহত শ্রমিক পরিবার ন্যায়বিচার ও সুশাসন থেকে চরমভাবে বঞ্চিত হয়েছে। পূর্ববর্তী ঘটনাসমূহের বিচার ও শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।
