নতুন প্রজন্মই আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রধান শক্তি :শিক্ষামন্ত্রী

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪০
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে নিবেদিত প্রাণ হয়ে নিরলসভাবে প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রধান শক্তি হিসেবে ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সফলতার মধ্যেই নিহিত আছে উচ্চশিক্ষার সার্থকতা। গতকাল শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে চার বছর মেয়াদী বিএসসি স্নাতক (সম্মান) কোর্স সম্পন্নকারী ১৩৪ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। সেই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগরণ সৃষ্টি করতে চাই। সততা, নিষ্ঠা, জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিপূর্ণ মানুষ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, তিন চাকায় চলছে দেশ। এই চাকাগুলো হলো গার্মেন্টস কর্মী, প্রবাসী শ্রমিক ও কৃষক। এদের কষ্টার্জিত টাকায় দেশের অর্থনীতি চালু রয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের আরও একটা চাকা সংযুক্ত করতে হবে। সেটি হলো সৃজনশীল জ্ঞান-বিজ্ঞানের চাকা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে জনগণের টাকায় তোমাদের উচ্চশিক্ষার ডিগ্রি অর্জিত হয়েছে। কেউ যদি মনে করে পরিবার কিংবা নিজের টিউশনির টাকায় ডিগ্রি অর্জিত হয়েছে তবে সেটা ভুল। কারণ একজন শিক্ষার্থীর উচ্চতর ডিগ্রি অর্জনে সরকারের অনেক টাকা খরচ হয়। এই টাকা আসে জনগণের পকেট থেকে। ফলে জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, নিজের চেয়ে অন্যের জন্য কিছু করতে পারার আনন্দ অনেক বেশি উপভোগ করা যায়। তাই আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন না দেখলে বড় কিছু অর্জন করা যায় না। আমাদের দেশটি তরুণদের দেশ। বায়ান্ন, একাত্তরে তরুণরাই মাতৃভূমির জন্য অকাতরে রক্ত দিয়েছে। আমাদের দেশটি যখন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে যাচ্ছে তখন তরুণরাই বড় ভূমিকা রাখবে। তোমরা সেই তরুণদের প্রতিনিধি। তোমাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। ভবিষ্যতের স্বপ্ন দেখি। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও রিজেন্ট বোর্ডের সদস্য খালেদুর রহমান টিটো, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. শেখ মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ড. বিপ্লব কুমার বিশ্বাস, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. আনিছুর রহমান প্রমুখ।