আরো সহিংস হচ্ছে সামনের দিনগুলো

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪০
স্বাভাবিক হিসেবে সরকারের মেয়াদ আর সাড়ে পাঁচ মাস অবশিষ্ট থাকলেও দশম জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কোন পদ্ধতির সরকারের অধীনে নির্বাচন হবে সে ব্যাপারে এখনো রাজনৈতিক মতৈক্য সৃষ্টি সম্ভব হয়নি। বরং সরকারের মেয়াদ যত ফুরিয়ে আসছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে অনিশ্চয়তা, শঙ্কা, উদ্বেগ ও উত্তেজনা ততোই যেন আরো গতি পাচ্ছে। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের এখন পর্যন্ত অনড় অবস্থান, দুপক্ষের সংলাপের কোনো লক্ষণ না থাকা, গভীর ও অন্ধকার রাতে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর আক্রমণ, তাদের অবরোধ পরবর্তী সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত ধ্বংসযজ্ঞ, গণজাগরণ মঞ্চের অবস্থান এবং একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচারকাজ—কার্যত এসব ইস্যুকে ঘিরে শঙ্কার মাত্রা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, সামনের দিনগুলো আরো সংঘাতময়, সহিংস ও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি কালো ছায়া পড়েছে বাংলাদেশের সম্ভাবনাময় তৈরি পোশাক শিল্পেও। সাভার ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা ইতিমধ্যে হাজার ছাড়িয়েছে। একের পর এক দুর্ঘটনা, ব্যাপক হারে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের নেতিবাচক প্রভাব পড়ছে পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজারে। এ শিল্পের সঙ্গে জড়িতরা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এটিকে দেখছেন ‘অশনি সংকেত’ হিসেবে। উদ্যোক্তারা চিন্তিত দেশের জাতীয় অর্থনীতির অন্যতম ভিত বিশাল এই খাতের ভবিষ্যত্ নিয়ে। বাংলাদেশের চলমান এসব সমস্যা নিয়ে প্রভাবশালী সাপ্তাহিক ‘দ্য ইকোনমিস্ট’ শনিবারের সংখ্যায় ‘পলিটিক্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ:ইন হট ব্লাড’ শিরোনামে এক প্রতিবেদনে বলেছে, সামনের মাসগুলো বিপদসংকুল মনে হচ্ছে। প্রতিবেদনটিতেও সাভারে রানা প্লাজা ধসে ব্যাপক হতাহতের ঘটনা, নির্বাচনকালীন সরকার পদ্ধতি ও সংলাপ, হেফাজতে ইসলামের ঘটনা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারকাজ নিয়ে সর্বশেষ চিত্র তুলে ধরা হয়েছে। সবার দৃষ্টি যখন ধসে পড়া রানা প্লাজার দিকে, ঠিক তখনই রাজনৈতিক সংলাপের ‘সুবাতাস’ ছড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২ মে ঢাকায় এক অনুষ্ঠানে যেকোনো সময়, যেকোনো স্থানে আলোচনায় বসার জন্য বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি এই বক্তব্য দেন ঐদিন দুপুরে। একইদিন বিকালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মুখপাত্র ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান ‘সংলাপের আমন্ত্রণ জানিয়ে দুই একদিনের মধ্যেই বিরোধী দলকে চিঠি দেয়া হবে।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি হঠাত্ নাটকীয় মোড় নেয়। তবে পরদিনই গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দেন ‘অনির্বাচিত সরকার আর নয়’। এরপর ৪ মে রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের সমাবেশে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেন, ‘আগে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, এরপর সংলাপ’। একথা জানিয়ে তিনি সরকারকে ৪৮ ঘণ্টার সময়ও বেঁধে দেন। সেই আল্টিমেটামের সময়ও পার হয়েছে। হঠাত্ দেখা দেয়া সংলাপের সম্ভাবনা এই পর্যায়ে উবে যায়। ফের নিজ নিজ অবস্থানে অনড় থাকে সরকার ও বিরোধী দল। সংলাপের সম্ভাবনা আপাতত না থাকায় বিরোধী জোট রাজপথের আন্দোলনেই মনোনিবেশ করেছে। ‘সংলাপ’ ‘সংলাপ’ নিয়ে যখন একরকম হইচই পড়ে গেল, তখনই সামনে চলে এলো হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি। গত ৫ মে এই অবরোধ শেষে রাজধানীর মতিঝিলে সমাবেশকে কেন্দ্র করে ঘটে গেছে অচিন্তনীয় ধ্বংসযজ্ঞ। অন্ধকার রাতে আইন-শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে চলে যেতে বাধ্য করে হেফাজতের সমবেত কর্মী-সমর্থকদের। ঐ অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ। এ নিয়ে চলমান বিভ্রান্তি এখনো কাটেনি। সেই অভিযানে সত্যিকারভাবে কত লোক হতাহত হয়েছে এটি এখনো মিলিয়ন ডলার প্রশ্ন। এ সম্পর্কে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সরকার যদি তা না করে তাহলে বিরোধী দল জাতিসংঘের কাছে বিচার দেবে, এর মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করা হবে। মওদুদ আহমদ অভিযোগ করেন, ৫ মে তিন ঘণ্টা বিদ্যুত্ বন্ধ রেখে সমবেত বহু মানুষকে হত্যা করা হয়েছে। হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ ও পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোরআন পোড়ানোর ঘটনায় বিরোধী নেত্রীকে হুকুমের আসামি করা হবে। সেদিন যারা এসব ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের প্রত্যেককে ধরা হবে, একজনকেও ছাড়া হবে না বলে তিনি জানান। এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন, হেফাজতের অবস্থানের কারণেই বিরোধী নেত্রী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, তিনি (খালেদা জিয়া) হেফাজতের ওপর ভর করে সরকার উত্খাত করার ষড়যন্ত্র করেছিলেন। যারা এভাবে সরকার উত্খাতের ষড়যন্ত্র করেছে তাদের কাউকেই ছাড়া হবে না। এদিকে ৫ মে’র ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত ২০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিএনপি, জামায়াত ও হেফাজতের নেতাকর্মীসহ প্রায় সোয়া এক লাখ ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্যদিকে গত কয়েক মাসে শত শত মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের লক্ষাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। এসব মামলায় বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতাকর্মী এখনো কারাবন্দি। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারকাজ নিয়েও শঙ্কা দিনদিন বাড়ছে। এ বিচারকাজের সর্বশেষ চতুর্থ রায় হয়েছে গত বৃহস্পতিবার। এদিন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। এখন রায়ের অপেক্ষায় রয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের মামলা। ইতিমধ্যে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ও কাদের মোল্লার যাবজ্জীবনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দলটির পলাতক সাবেক সদস্য আবুল কালাম আজাদেরও মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত অন্য আরো কয়েকজনের মামলার বিচারকাজও প্রায় শেষদিকে। যাদের রায় রয়েছে আপিল বিভাগে তাদের মামলার নিষ্পত্তি হতেও এক-দুই মাস লাগবে। এই বিচারকাজ সম্পন্ন করা এবং তা করতে গিয়ে জামায়াত-শিবিরের প্রতিক্রিয়া মোকাবেলার বিষয় নিয়ে শঙ্কা রয়েছে সরকারেও। অন্যদিকে সকল যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের সংগঠিত হয়েছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা। তাদের আন্দোলনের গতি-প্রকৃতিও কোনদিকে গড়ায় তাও এখনো অনিশ্চিত। বাংলাদেশের এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল আস্কার ফার্নান্দেজ তারানকো। বিশেষ করে আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে তিনি সরকার ও বিরোধী দলের সঙ্গে কথা বলবেন। আজ শনিবার সন্ধ্যায় তিনি সাক্ষাত্ করবেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে। প্রত্যেকেই আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের তাগিদ দিয়েছে।