সময় ৩টা ২০ মিনিট। ধ্বংসস্তূপ সরানো এবং লাশ উদ্ধারের কাজ চলছে পুরোদমে। উদ্ধার কাজের বর্তমান পরিস্থিতি জানাতে সেনা কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের নিয়ে গেলেন ধ্বংসস্তূপের কাছে। হঠাত্ দ্বিতীয় তলার স্তূপের কাছে একটি পাইপ নড়ে উঠলো। সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার উদ্ধারকর্মী আব্দুর রাজ্জাক ছুটে গেলেন সেখানে। তিনি ভেবেছিলেন কোন উদ্ধারকর্মী হয়তো আটকা পড়েছে। কিন্তু না। সেখানে মিলল আটকে থাকা গার্মেন্টসকর্মীর প্রাণের সন্ধান। সাথে সাথে আব্দুর রাজ্জাক তার হাতে থাকা হ্যান্ড মাইক দিয়ে চিত্কার করে বললেন, ‘স্যার জীবিত মানুষ পাওয়া গেছে।’ আব্দুর রাজ্জাকের এই ঘোষণার পর মুহূর্তে পাল্টে গেলো উদ্ধার তত্পরতার দৃশ্য। পাল্টে গেলো ইতিহাস। আশপাশের সবাই আল্লাহু আকবার বলে চিত্কার করলেন। থেমে গেলো ভারি যন্ত্র দিয়ে উদ্ধার কাজ। উপস্থিত সবাই এই মানুষটাকে উদ্ধারের জন্য প্রাণপণ সহযোগিতা করলেন। দূরে দাঁড়িয়ে থাকা মানুষরা রেশমার জন্য প্রার্থনা শুরু করলেন। এরপর টানা পৌনে এক ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর বেলা ৪টা ২৭ মিনিটে ধ্বংসস্তূপ থেকে বের করা হলো রেশমা বেগমকে (১৯)। ধ্বংসস্তূপ থেকে মাথা রেব করার পর রেশমা’র মুখের হাসি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লো সবাই। এ অবিস্মরণীয় ঘটনায় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
সাভারে ভবন ধসের ১৭তম দিনে টানা ৪০৮ ঘন্টা পর গতকাল শুক্রবার বিকালে ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় রেশমা বেগমকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেশমা গার্মেন্টস কর্মী। উদ্ধারের পর তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত তবে আইসিউতে তাকে রাখা হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। তবে ভয়ে তার মানসিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে।
উদ্ধারকৃত রেশমা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জানান, ১৭ দিনের অনিদ্রা, অনাহার ও দুর্গন্ধের কারণে একেক সময় বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পরক্ষণেই আবার জীবন যুদ্ধ শুরু করেছি। তিনি আরো বলেন, ‘আমি ১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলাম। ভবন ধসের পরপরই আমি ভবনের নিচে আটকা পড়ি। পরে বাঁচার জন্য ভবনে অবস্থিত নামাজ ঘরে চলে যাই। উদ্ধারকর্মীদের ফেলে যাওয়া পানির বোতল থেকে দুই বোতল পানি সংগ্রহ করে রাখি। সেই বোতলের পানি আমি প্রতিদিন অল্প অল্প করে খেয়ে জীবন বাঁচাই।
রেশমা আরো বলেন, অন্যদের ফেলে যাওয়া খাবারও খেতাম। তবে মাঝে মাঝে বিভিন্ন ফুটো থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তো। এসব খেয়েই বেঁচেছিলাম। এক সময় খাবার শেষ হয়ে গিয়েছিল। তখন একটু একটু করে পানি খেয়ে বেঁচেছিলাম। নিঃশ্বাস নিতে পারছিলাম না। শেষের দুই দিন পানিও শেষ হয়ে যাওয়ায় কিছুই খাওয়া হয়নি।
রেশমা বলেন, ‘উদ্ধারকর্মীরা যখন উদ্ধার কাজ চালাচ্ছিলেন, তখন আমি বড় বড় যন্ত্রের শব্দ শুনতে পেতাম। শব্দ শুনে আমি বিশ্বাস করি, আল্লাহ হয়তো আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন।
এদিকে উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর মেজর মোয়াজ্জেম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ভারি যন্ত্রপাতি দিয়ে দ্বিতীয় তলা ও বেজমেন্টের মাঝের অংশের কংক্রিটের স্তূপ সরানোর কাজ চলছিল। বেজমেন্ট খোঁড়ার সময় হঠাত্ ওয়ারেন্ট অফিসার রাজ্জাক একটি পাইপ নাড়তে দেখতে পান। কাছে গিয়ে গোঙানির শব্দ শুনতে পান। এরপর আব্দুর রাজ্জাক গর্ত দিয়ে তাকিয়ে দেখেন একটি মেয়ে ভেতরে দাঁড়িয়ে রয়েছে। তার সঙ্গে কথা বলে জানতে পারেন মেয়েটির নাম রেশমা। আব্দুর রাজ্জাক ঘটনাটি জানালে সঙ্গে সঙ্গে ভারি যন্ত্রপাতি ব্যবহার বন্ধ করে আটকে থাকা মানুষটির সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। জানতে পারেন, ১৭ দিন ধরে ভেতরে আটকা পড়ে থাকা মেয়েটির নাম রেশমা। সাথে সাথে রেশমার জন্য খাবার, পানি ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়। কাটার মেশিন দিয়ে সুড়ঙ্গ তৈরি করে তাকে বের করা চেষ্টা শুরু হয়। এদিকে এ খবর পেয়েই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীসহ উদ্ধার তত্পরতায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা রানা প্লাজার ধ্বংসস্তূপে ছুটে যান। সেখানে নিয়ে আসা হয় একটি অ্যাম্বুলেন্স ও স্ট্রেচার। এরপর ম্যানুয়ালি কাটার মেশিন দিয়ে দুটি বিম কাটা হয়। বিকাল ৪টা ২৭ মিনিটে রেশমাকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে করে রেশমাকে নিয়ে যাওয়া হয় সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে।
মেজর মোয়াজ্জেম আরো জানান, সন্ধান পাওয়ার পর পরবই আমরা প্রথমে তাকে অল্প পরিমাণ পানি ও বিস্কুট দেই। টানা দুইদিন সে না খেয়ে ছিল। একারণে তাকে বেশি খাবার দেয়া হয়নি। তিনি বলেন, রেশমা বিস্কুট জাতীয় খাবার খেয়ে এতদিন বেঁচে ছিল।
ওয়ারেন্ট অফিসার রাজ্জাক বলেন, পাইপ নড়ানো দেখে আমি প্রথমে সেখান থেকে কংক্রিটের একটি ছোট স্লাব সরাই এবং একটি দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা স্থান থেকে মেয়েটিকে দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে মেয়েটি বলে ওঠেন, ‘’স্যার আমাকে বাঁচান। ওই মুহূর্তের বর্ণনা দিয়ে রাজ্জাক বলেন, ‘আমি ভাবতেও পারছিলাম না কেউ তখনও বেঁচে থাকতে পারেন। আমি হতভম্ব। শুধু তার পরিচয় জিজ্ঞেস করেছিলাম এবং তাত্ক্ষণিক সব ভারি যন্ত্র চালাতে মানা করি। এ সময় চিত্কার করে বলতে থাকি- জীবিত আছে, একজন জীবিত আছে।’
রাজ্জাক তাত্ক্ষণিক তার কিছু সহকর্মীকে নিয়ে ঐ ফাঁকা স্থানটিতে ছুটে যান। তারা ছোট ফাঁকা স্থানটিকে সতর্কতার সাথে ধীরে ধীরে হাত-করাত ও বাটালের মাধ্যমে বড় করতে থাকেন। তারপর তারা রেশমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কিছু খেয়েছেন?’ তখন রেশমা জানায়, ভেতরে কিছু উচ্ছিষ্ট খাবার ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো খেয়েই তিনি বেঁচে আছেন। তবে গত দু’দিন তিনি অভুক্ত আছেন। রাজ্জাকসহ উদ্ধারকর্মীদের রেশমা জানান, ভেতরে কোনো খাবার না থাকলেও মসজিদের পানি ছিল। সেটাই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। তখন উদ্ধারকর্মীরা তাকে জিজ্ঞেস করেন, ‘আপনি এখন কি খেতে চান?’ তখন রেশমা পানি খেতে চাইলে উদ্ধারকর্মীরা তাকে ঐ ফাটলটির মধ্য দিয়ে পানি ও জুস সরবরাহ করেন।
উদ্ধারকর্মী রাজ্জাক সাংবাদিকদের বলেন, রানা প্লাজার আন্ডারগ্রাউন্ড তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কারণ ধসের সময় একটির পর আরেকটি বিম পড়ে সেখানে মোটামুটি একটি বেশ বড়সড় ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছিল। সেখানে হাঁটাচলা করতে পারছিলেন রেশমা। তিনি হেঁটে আমাদের কাছে এসেছিলেন ও ভেতরে গিয়েছেন।
উদ্ধার অভিযানে থাকা লেফটেন্যান্ট কর্নেল ইমরান বলেন, ভবন ধসের সময় রেশমা তার কর্মস্থল চতুর্থ তলা থেকে দুই নম্বর ফ্লোরে নেমে আসতে পেরেছিলেন। সৌভাগ্যক্রমে সেখানে একটি ‘ক্যাভিটি’ ছিল, যার কারণে অক্সিজেনের প্রবাহ—
প্রবাহ ছিল। ভেতরে ভাগ্যবান আর কেউ আছেন কি না তা উদ্ধারকর্মীরা খুঁজে দেখছেন। অপর এক উদ্ধারকর্মী স্বেচ্ছাসেবক রফিক বলেন, ‘আমি ঐ স্থানটি দিয়ে যাতায়াত করছিলাম। এসময় একটি পাইপ নড়ে ওঠে। আমি পাইপটির কাছে যাই, এরপর গোঙানির আওয়াজ শুনি। একটি ফুটো দিয়ে কান পাতলে ভেতর থেকে এক নারী কণ্ঠ বলে ওঠে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এরপর আমি সেনাবাহিনীর আব্দুর রাজ্জাককে জানাই। তিনি আরো বলেন, ধ্বংসস্তূপের মধ্যে রেশমা অক্ষত অবস্থায় দাঁড়িয়ে ছিল বলে তিনি দেখেছেন।
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, রেশমা রানা প্লাজার তৃতীয় তলার পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ধসের সময় তার সঙ্গে আরো তিন পোশাক শ্রমিক ছিলেন, যাদেরকে পরে মৃত উদ্ধার করা হয়েছে।
রেশমার বোন আসমা জানান, রেশমা নিউ ওয়েভ বটম কারখানার কর্মী। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের ঘোড়াঘাটের তুলসিবাড়ি গ্রামে। তারা তিন বোন, দুই ভাই। সবার ছোট রেশমা। রেশমার স্বামীর নাম রাজ্জাক। সাত মাস আগে স্বামী রাজ্জাক তাকে ছেড়ে চলে যায়।
তিনি আরো জানান, রানা প্লাজার তৃতীয় তলায় নিউ ওয়েভ বটমস নামের কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেশমা। এখানে তিনি দেড় বছর ধরে কাজ করছেন।
সাভার সিএমএইচে রেশমা
টানা ৪০৮ ঘণ্টা ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা রেশমাকে উদ্ধারের পর সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেয়া হয়। বর্তমানে রেশমা মোটামুটি সুস্থ আছেন। সিএমএইচে সেনা সদস্যরা রেশমা’র মাকে নিয়ে গেছেন। বর্তমানে রেশমা তার মায়ের সান্নিধ্যে রয়েছেন। তবে অন্য কাউকে এখনো হাসপাতালে ঢুকতে দেয়া হয়নি। সাভার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিত্সা চলছে। তাকে স্যালাইন দেয়া হয়েছে। সাবধানে খাবার দেয়া হচ্ছে। তার চিকিত্সায় মেডিক্যাল বোর্ড করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী গতকাল বিকালে সাভার সিএমএইচে রেশমার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী রেশমার সুচিকিত্সা নিশ্চিত করাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় রেশমাকে উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বলেছেন, এটি একটি অভূতপূর্ব ঘটনা। তিনি এজন্য সেনাবাহিনী, সব উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।
বিস্ময়কর বললেন বিশেষজ্ঞ চিকিত্সকরা
ধ্বংসস্তূপে লাশ পচা দুর্গন্ধের মধ্যে অনিদ্রা ও অনাহারে টানা ১৭ দিন বেঁচে থাকা বিস্ময়কর বলে জানিয়েছেন প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ। তিনি বলেন, চিকিত্সা বিজ্ঞানে আলো বাতাস পানি ছাড়া এভাবে বেঁচে থাকা অসম্ভব এবং আশ্চর্যজনক। আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখতে চাইলে বিজ্ঞানের হিসাব কিতাব সেখানে চলে না। আল্লাহ রেশমাকে বাঁচিয়ে রেখেছেন। এ ছাড়া রেশমার বেঁচে থাকার কোন সুযোগই ছিল না।
ঘোড়াঘাটের রেশমার পরিবারে আনন্দ
আমাদের ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, সাভার ট্রাজেডির ১৭তম দিনে জীবিত অবস্থায় মৃত্যুর দুয়ার থেকে উদ্ধার হয়েছে ঘোড়াঘাটের রেশমা। জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মগলিশপুর গ্রামের আনসার আলী মারা যান প্রায় ১০/১২ বছর হলো। আনসার আলীর মৃত্যুর পর তার পরিবার বাড়িঘর ভেঙ্গে নিয়ে একই উপজেলার কশিগাড়ী গ্রামে বসবাস শুরু করে। এ সময় তার স্ত্রী জোবেদা বেওয়া, দুই পুত্র জাহিদুল ইসলাম ও সাদেক আলীসহ দুই কন্যা আসমা (২৩) এবং রেশমাকে (২০) নিয়ে দুঃখ কষ্টে দিনাতিপাত করছিলেন। অভাবের কারণে জোবেদা বেওয়া দুই মেয়ে আসমা ও রেশমাকে ঢাকায় গার্মেন্টস এ চাকরির জন্য পাঠান। দুই বোন ঢাকায় গিয়ে বড় বোন আসমা অন্য এক গার্মেন্টস এ চাকরি নেয় এবং রেশমা রানা প্লাজার একই গার্মেন্টসে চাকরি নেয়। সাভার ট্রাজেডির পর বড় বোন আসমা তার ছোট বোন রেশমাকে খুঁজতে থাকে। ঘটনার চার-পাঁচ দিন পর দুই ভাই জাহিদুল ও সাদেক আলীও ঢাকায় যায় বোনকে খুঁজতে। এ দিকে মা জোবেদা কন্যার শোকে অস্থির হয়ে চার-পাঁচ দিন পূর্বে ঢাকার সাভারে যান। এ ব্যাপারে রেশমার খালা জারীকুল বেওয়া ও তাওয়াই মোজাহারের সাথে কথা বললে তারা হাউমাউ করে কেঁদে ওঠেন। তারা কোনদিন ধারণা করতে পারেনি রেশমা বেঁচে ফিরবে।
