‘কেউ বেঁচে থাকলে উদ্ধার হবেই’

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া রেশমা বেগমকে দেখতে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। এ সময় প্রধানমন্ত্রী রেশমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন এবং তার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী উদ্ধার অভিযানে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, রানা প্লাজার কংক্রিটের স্তূপের নিচে আর কেউ জীবিত থাকলে তাদেরও উদ্ধার করা হবে। গতকাল শুক্রবার বিকাল ৪টা ২৭ মিনিটে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া রেশমা সাভার সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন রয়েছেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সাভার সেনানিবাসে নামেন। এরপর তিনি সিএমএইচে যান। এর আগে রেশমা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি অভূতপূর্ব ঘটনা। তিনি এজন্য সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসসহ উদ্ধার তত্পরতায় সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একইসঙ্গে রেশমার সর্বোচ্চ চিকিত্সার ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী সাভারে উদ্ধার কার্য পরিচালনায় সমন্বয়কারী সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দীকে নির্দেশ দেন। রেশমাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিওসি মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দীর মুঠোফোনে রেশমার সঙ্গে কথা বলেন। জীবনযুদ্ধে জয়ী রেশমা প্রধানমন্ত্রীকে বলেন, আমি ১৭ দিন অন্ধকারে বসে ছিলাম। এ সময় মুঠোফোনে প্রধানমন্ত্রী রেশমার সঙ্গে কথা বলে তার সুচিকিত্সা নিশ্চিত করাসহ সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আমি তোমাকে দেখতে আসছি। এরপরেই প্রধানমন্ত্রী রেশমাকে দেখতে সাভার সিএমএইচে ছুটে যান। সেখানে রেশমার সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি চিকিত্সকদের কাছে রেশমার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং রেশমার মায়ের সঙ্গেও কথা বলেন। ১৭ দিন ধরে অন্ধকার ধ্বংসস্তূপে ‘অসীম প্রাণশক্তি নিয়ে’ টিকে থাকা রেশমাকে কেউ যাতে মানসিকভাবে পীড়া না দেয় সেজন্যও সবাইকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবাই ধৈর্য ধরে ছিলেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ চাইলে আরও কয়েকজন যদি উদ্ধার হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেশমা সাংবাদিকদের বলেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ... অনেক কষ্ট করে লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে চিপা দিয়ে নিচে নামছি। অনেক চিত্কার করেছি... কেউ শুনতে পায়নি। তিনি জানিয়েছেন, দীর্ঘ ১৫ দিন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা শুকনো খাবার খেয়ে বেঁচে ছিলেন। কিন্তু গত দুইদিন কোনো খাবার পাননি। চিকিত্সকরা জানিয়েছেন, রেশমা এখন আশঙ্কামুক্ত।