ভাগিনার ঘুষ কেলেংকারি

ভারতের রেলমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪২
ভাগিনার ঘুষ কেলেঙ্কারির জেরে গতকাল শুক্রবার পদত্যাগ করলেন ভারতের রেলমন্ত্রী পবন কুমার বনসাল। গত ১৭ বছরের মধ্যে তিনিই কংগ্রেসের প্রথম রেলমন্ত্রী ছিলেন। তবে তাকে এ ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে না বলে জানান কংগ্রেস নেতা সঞ্জয় জা। কর্নাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে বাদ পড়েছেন মল্লিকঅর্জুন খার্গে, তিনি নতুন রেলমন্ত্রী হচ্ছেন। খবর এনডিটিভির। রেলে পদোন্নতির জন্য ঘুষ নেয়ার অভিযোগে গত সপ্তাহে রেলমন্ত্রীর ভাগিনাকে গ্রেফতার করা হয়। রেল বোর্ডের ঘুষ কেলেঙ্কারি ও কয়লা খনি কেলেঙ্কারিতে রেলমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত সপ্তাহে বিরোধী দল বিজেপি পার্লামেন্ট অচল করে রাখে। ঘুষের সঙ্গে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করে পদত্যাগের প্রস্তাবও দিয়েছিলেন রেলমন্ত্রী। গতকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করার পরই রেলমন্ত্রী পদত্যাগ করেন। তিনি গত বছর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।