জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসাবে উচ্চ পর্যায়ের মিশন চারদিনের সফরে গতকাল শুক্রবার ঢাকা পৌঁছেন। রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে পাঁচ সদস্যের এই বিশেষ মিশন মূলত আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দেয়ার জন্যই ঢাকা সফর করছেন।
গতকাল সফরের প্রথমদিনে তারা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্বেগের কথা জানাতে প্রতিনিধি দলটি ঢাকা এসেছেন বলে জানা গেছে। সভার একাধিক সূত্র জানায়, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যে সম্ভব নয় সে বিষয়টিতে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা হয় সে বিষয়টিও আলোচনায় উঠে আসে।এসময় বৈঠকে অর্থনীতিবিদ রেহমান সোবহান, আইনবিদ শাহদীন মালিক, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমানসহ সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতিসংঘের প্রতিনিধি দলটি জানিয়েছে, প্রধান দুই রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে নির্বাচনের আগে সহিংসতা পরিস্থিতি নিরসন করতে পারে।
মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠকে আমরা বলেছি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দুই রাজনৈতিক দলকে মতৈক্যে পৌঁছতে হবে। যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেছেন তারা সংখ্যা লঘুদের কথা শুনবেন না এটা হতে পারে না।
অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে ঢাকায় এসেছেন জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোকি ড্যান, বিশেষ সহকারী গিয়ানলুসা রামপলা, সংবিধান বিশেষজ্ঞ ম্যারি জোয়েল জাহার ও নির্বাচন বিষয়ক কর্মকর্তা ভেতলানা গলকিনা। আজ শনিবার সকালে দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্র জানায়, জাতিসংঘ সহকারী মহাসচিব ফার্নান্দেজ তারানকো আগামীকাল রবিবার যথাক্রমে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ড. গওহর রিজভী ও এইচ টি ইমাম, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের সঙ্গে সাক্ষাত্ করবেন। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন তারা। দলটি ওইদিন বিকাল পাঁচটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলন শেষে ঢাকা ত্যাগ করবেন।
