হাজার হাজার নিহত হলে স্বজনরা প্রিয়জনকে খুঁজতে ছুটে আসতো

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪২
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বিএনপি, জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলামের পক্ষ থেকে ‘হাজার হাজার’ মানুষকে হত্যা ও লাশ গুমের অভিযোগের ব্যাপারে প্রেস নোট দিয়েছে সরকার। প্রেসনোটে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ৫ মে রাতে সত্যিই যদি ‘হাজার হাজার’ লোক নিহত হতো তবে প্রিয়জনদের খুঁজতে তাদের স্বজনরা পরদিনই রাজধানীতে ছুটে আসতেন। তাছাড়া তথ্যপ্রযুক্তির এই উত্কর্ষতার যুগে হাজার হাজার লাশ গুম করা একেবারেই অসম্ভব। মোবাইল ফোন, ইন্টারনেটের এই যুগে এই ধরনের অভিযোগ অবিশ্বাস্য। গত কয়েকদিন ধরে শাপলা চত্বর অভিযান নিয়ে বিভিন্ন মহল থেকে সরকারের প্রেসনোট দাবি করা হচ্ছিল। তার প্রেক্ষিতেই গতকাল শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার স্বাক্ষরিত এই প্রেসনোট জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণারয়ের প্রেসনোটে বলা হয়েছে—গত ৫ মে হেফাজতে ইসলাম কর্তৃক ঢাকা অবরোধ এবং তত্পরবর্তী শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি প্রসঙ্গে বিভিন্ন মহল কর্তৃক কথিত গণহত্যা/লাশ গুম ইত্যাদি ধরনের গুজবকে কেন্দ্র করে বিরাজমান বিভ্রান্তি নিরসনের জন্য প্রকৃত সত্য উন্মোচনকল্পে সরকার প্রকৃত তথ্যাদি প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছে। হেফজতে ইসলাম নামে একটি অনিবন্ধিত সংগঠন গত ৬ এপ্রিল ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করে ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করে। পূর্ব ঘোষিত এ কর্মসূচি অনুসারে তারা ঢাকার চারদিকে ছয়টি স্থানে অবরোধের আয়োজন করে। অবরোধ কর্মসূচি পালনের একদিন পূর্বে ৪ মে শনিবার তারা পূর্ব ঘোষিত কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা বলে ৫ মে বেলা ২টা থেকে শাপলা চত্বরে তাদের নেতা হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ আহমদ শফির নেতৃত্বে দোয়া কর্মসূচি পালনের অনুমতি চায়। পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে ঢাকা শহরের ভেতরে কোন সভা-সমাবেশ করার কার্যক্রম না থাকলেও সরকার গণতান্ত্রিক উদারতার পরিচয় দিয়ে হেফাজতে ইসলামকে সন্ধ্যার আগ পর্যন্ত দোয়া কর্মসূচি পালনের অনুমতি প্রদান করে। কিন্তু অবরোধ কর্মসূচির প্রথম থেকেই হেফজতে ইসলাম ঢাকার চারপাশে ৬টি পয়েন্টে অবরোধ স্থাপন করে শহরে ঢুকতে শুরু করে এবং শাপলা চত্বরে অবস্থান নিতে থাকে। সেই সাথে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উচ্ছৃঙ্খল কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে থাকে। একপর্যায়ে তারা ব্যাপক সংখ্যায় জমায়েত হয়ে লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুরে লিপ্ত হয়। তারা নির্বিচারে গাড়ি পোড়াতে থাকে, পুরানা পল্টন সড়কে অবস্থিত কমিউনিস্ট পার্টির অফিসে অগ্নিসংযোগ করে। অত:পর পাশেই মুক্তি ভবনে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। হকারদের দোকানসমূহ লুটপাট করে, বইয়ের দোকানসমূহ তছনছ করে এবং অগ্নিসংযোগ করে। তাগের দেয়া আগুনের হাত থেকে রেহাই পায়নি পবিত্র কোরআন শরীফের স্টলও। উন্মত্ত হেফাজত কর্মীরা ফুটপাতে স্থাপিত জায়নামাজ, তজবি ও টুপির দোকান এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী দোকান পুড়িয়ে দিয়ে শত শত নিরীহ কর্মজীবী মানুষকে সর্বশান্ত করে। এরপর হেফাজতের কর্মীরা হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তাদের ১১ টি গাড়ি পুড়িয়ে দেয়। এ সময়ে দমকল বাহিনীর লোকজন আগুন নিভাতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। দুপুরের পর উন্মত্ত হেফাজত কর্মীরা ডিসি (ট্রাফিক) পূর্ব জোন অফিসে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ডিসি মতিঝিলসহ একজন পুলিশ আগুনে পুড়ে আহত হন। দুপুরের দিকে একপর্যায়ে তারা গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগ অফিসে হামলা চালাতে উদ্যত হয় এবং গোলাপ শাহ মাজারে ব্যাপক ভাংচুর চালায়। তারা জনতা ব্যাংকের করপোরেট শাখায় হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে এবং নিচতলায় অবস্থিত এটিএম বুথ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। তাছাড়া ইষ্টার্ন ব্যাংক ও ব্যাংক এশিয়ায় হামলা চালিয়ে ভাংচুর করে। উচ্ছৃঙ্খল কর্মীরা মতিঝিলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের বাস ডিপোতে ঢুকে সরকারি কর্মচারী পরিবহনের কয়েক ডজন বাস পুড়িয়ে ধ্বংস করে দেয়। তাদের তাণ্ডব থেকে রক্ষা পায়নি আন্তর্জাতিক মানে সজ্জিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, রাস্তায় লাগানো সুদৃশ বৃক্ষরাজি, রোড ডিভাইডার, লাইট পোস্ট ও রোড ডিভাইডারে স্থাপিত স্টীল স্ট্রাকচার। এমনকি সৌর বিদ্যুত্ পোস্টও ভেঙ্গে গুঁড়িয়ে দেয় তারা। রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে যখন নজীরবিহীন লুটপাট ও অগ্নিসংযোগ চলছে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে গণমাধ্যমে হেফাজতে ইসলামকে সত্বর নৈরাজ্য বন্ধ করে সন্ধ্যার পূর্বেই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সরে যাবার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ তাতে কর্ণপাত করেনি। শেষ বিকালে তাদের নেতা আহমদ শফি তার অবস্থানস্থল লালবাগ মাদ্রাসা থেকে শাপলা চত্বরের সমাবেশ স্থলে রওনা হন। কিন্তু কিছুদূর এসেই তিনি বিএনপির নেতৃপর্যায় থেকে একটি মোবাইল কল পেয়ে শাপলা চত্বরে না গিয়ে লালবাগে ফিরে যান। এদিকে নৈরাজ্যকর পরিস্থিতির ব্যাপকতাও বাড়তে থাকে। রাত এগিয়ে এলে বিএনপি তার নীতিনির্ধারকদের নিয়ে জরুরী বৈঠক করে। বৈঠক শেষে খালেদা জিয়া তাদের নেতা কর্মীদেরকে হেফাজতে ইসলামের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আনুষ্ঠানিক নির্দেশ দেন এবং ঢাকা নগরবাসীকেও হেফাজত কর্মীদের সহায়তার জন্য আহ্বান জানান। অবশ্য ঘটনার সূচনা থেকেই বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা নৈরাজ্যকর কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিলো বলে জানা যায়। হেফাজত কর্মীরা রোড ডিভাইডারের মাঝে থাকা গাছগুলো কেটে রাস্তায় ব্যারিকেড দেয়, ডিভাইডার ভেঙ্গে দেয় এবং নির্বিচারে গাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে। লোহার ডিভাইডার ও কাঁটাতার উপড়ে ফেলে দেয়। রাস্তায় বড় বড় অগ্নিকুণ্ড তৈরি করে আতঙ্কের সৃষ্টি করে। রাত বাড়ার সাথে সাথে কতিপয় গণমাধ্যমে তাদের এসব বিভীষিকাময় কর্মকাণ্ড ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করতে থাকে, ফলে দেশবাসী চরম উদ্বেগের মধ্যে সময় কাটাতে থাকেন। দেশ যখন মহাদুর্যোগের দ্বারপ্রান্তে, তখন জনগণের নির্বাচিত সরকার দেশ ও জনগণের নিরাপত্তা ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য থেকে দেশকে রক্ষার স্বার্থে এবং নগরবাসীর জানমাল রক্ষার্থে উন্মত্ত ধ্বংসযজ্ঞে লিপ্ত হেফাজত কর্মীদের নিরাপদে সরিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করে। নৈরাজ্য প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন সুরক্ষা, গণনিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই তাদের সেখান থেকে উঠিয়ে দেয়ার জন্য এই অভিযান অপরিহার্য হয়ে উঠে। পুলিশ বিজিবি ও র্যাবের অভিযান প্রেস নোটে বলা হয়েছে— অনন্যোপায় হয়ে রাত প্রায় ২টায় ঢাকা মহানগর পুলিশ, র্যাব ও বিজিবি’র যৌথ অভিযান শুরু হয়। অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করা হয়। অভিযানের শুরুতেই মাইকে একাধিকবার সতর্ক করে সকলকে চলে যাবার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু এই আহ্বানে তারা কর্ণপাত করেনি। এরপর আরামবাগ ও দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বরমুখী সড়ক দিয়ে নিরাপত্তা বাহিনী আস্তে আস্তে এগুতে থাকে এবং ইত্তেফাক মোড় অভিমুখী রাস্তা খোলা রেখে জনতাকে নিরাপদে সরে যাবার সুযোগ করে দেয়। একযোগে অভিযান শুরুর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে হেফাজত কর্মীরা শাপলা চত্বর ছেড়ে সায়দাবাদ-যাত্রাবাড়ীর পথে সরে যায়। অভিযানের সময় মঞ্চের পাশে কাফনের কাপড়ে মোড়ানো ৪টি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায়, সারাদিন বিভিন্ন পর্যায়ের সংঘাতে আরো ৩ জন পথচারী, একজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হন। কিন্তু এ ঘটনায় ‘হাজার হাজার’ লোক প্রাণ হারিয়েছে বলে অবাস্তব ও ভিত্তিহীন গুজব ছড়িয়েছে একটি মহল। এর পরিপ্রেক্ষিতে জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত গুজবসমূহ সম্পূর্ণ অসত্য, মনগড়া ও অসত্ উদ্দেশ্যপ্রণোদিত। অবাধ তথ্য প্রবাহ ও ব্যাপক তথ্য প্রযুক্তির এই যুগে হাজার হাজার লোক হত্যা করে লাশ গুম করা কোনভাবেই সম্ভব নয়। এত প্রাণহানি হয়ে থাকলে নিহতদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রিয়জনদের সন্ধানে রাজধানীতে ছুটে এসে অনুসন্ধান তত্পরতা চালাতেন এবং সেগুলো সব গণমাধ্যম গুরুত্বসহকারে প্রকাশ করতো। কিন্তু স্বজনকে খুঁজতে এসেছেন এমন একটি উদাহরণও কোন মহল থেকে হাজির করা হয়নি। এই ব্যাপারে অভিযোগকারীরা নিশ্চুপ। এতেই প্রমাণ হয়, হাজার হাজার নিহতের বিষয়টি অসত্য ও পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। অভিযান পরিচালনাকালে বিভিন্ন টিভি ক্যামেরা ও স্টিল ক্যামেরা নিয়ে বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন, যারা ঘটনা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ ও সম্প্রচার করেছেন। তাছাড়া উঁচু ভবন থেকে বহু লোকজন এই অভিযান দেখেছেন ও ছবি তুলেছেন। কাজেই বিপুল প্রাণহানির গুজব ছড়ানোর বিষয়টি অশুভ মহলের উদ্দেশ্যমূলক অপপ্রচার। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গলিতে ও ভবনের ফাঁকে আশ্রয় নেয়া হেফাজত কর্মীদের অভয় দিয়ে নিরাপদে সরে যাবার ব্যবস্থা করে দেয়। এদের মধ্যে প্রচুর কিশোর ও তরুণ ছিলো যারা প্রথমবার ঢাকা মহানগরীতে এসেছে। তাদেরকে তাদের গন্তব্যস্থল সম্পর্কে পথ নির্দেশ দিয়ে চলে যেতে সহায়তা করেছে। সবকিছুই টিভি সমপ্রচারে দেখা গেছে। ৬ মে’র সহিংসতা শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের লোকজনকে সরিয়ে দিলে তারা ঢাকা চট্টগ্রাম সড়কে আবারও জমায়েত হতে থাকে। পরদিন ৬ মে ভোর থেকেই তারা রাস্তায় ব্যারিকেড বসায়। সেই সাথে নির্বিচারে রাস্তার পাশে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে। এরই মধ্যেই পূর্ব নির্দেশ মত বিএনপি জামায়াত কর্মীরাও ধ্বংসযজ্ঞে যোগ দেয়। নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর, সাইনবোর্ড, শিমরাইল, সানার পাড়, কোয়েত মার্কেট ও মাদানী নগর এলাকায় উন্মত্ত ভাংচুর, অগ্নিসংযোগ ভয়াবহরূপ ধারণ করে। তারা মাদানী নগর মাদ্রাসাকে কেন্দ্র করে আশপাশের মসজিদের মাইক ব্যবহার করে চরম উত্তেজনাকর গুজব ছড়িয়ে লোক জড়ো করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের পরিকল্পিত সংঘবদ্ধ আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে পুলিশের নায়েক ফিরোজ ও কনস্টেবল জাকারিয়া এবং বিজিবি সদস্য শাহআলম ও লাভলু গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে মৃত্যুবরণ করে। সেই সাথে বিভিন্ন পর্যায়ে উন্মত্ত সহিংসতার ফলশ্রুতিতে ১৩ জন মৃত্যুবরণ করেছে মর্মে জানা যায়। ঘটনা আরও চরম আকার ধারণ করতে থাকলে অধিক সংখ্যক ফোর্স সমাবেশ ঘটিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।