বাংলাদেশে রানা প্লাজা ধসে ৯০০ জনের মৃত্যু যথেষ্ট নয়। দেশটিতে এখন রাজনৈতিক সহিংসতায় নতুন করে মৃত্যুর ঘটনা ঘটছে। গত ৬ মে ঢাকায় যা ঘটেছে তা গণহত্যার মতোই। ব্রিটেনের বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের আজ শনিবার প্রকাশিতব্য সংখ্যার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘পলিটিক্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ, ইন হট ব্লাড। দ্য কিলিং অব ইসলামিস্ট হার্ডলাইনার প্রমিজ ফার্দার ইন্সটেবেলিটি’। প্রতিবেদনে আরো রক্তপাত হবে বলে উল্লেখ করা হয়েছে।
ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় কট্টর ইসলামপন্থিদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় ৫০ ব্যক্তি নিহত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আরো হত্যার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা অধিকারের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দশ হাজার পুলিশ, আধা সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের অস্ত্রধারী সদস্যের হাতে শত শত লোক নিহত হয়েছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জে নিহত হয়েছে ২০ জন। শাপলা চত্বরের ঘটনা এখনো অন্ধকারে। স্থানীয় মিডিয়াকে নীরব রাখা হয়েছে। গুলি ছোঁড়ার আগে বাণিজ্যিক এলাকার বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দেয় পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে স্বল্প পরিচিতি সংগঠন হেফাজতে ইসলামের হাজার হাজার নেতা-কর্মী রাজধানীতে লংমার্চ করে। সেখানে তারা ১৩ দফা দাবি তোলে এবং তা পূরণে সময় বেধে দেয়। এসব দাবির মধ্যে একটি হচ্ছে ইসলাম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে ব্ল্যাসফেমি আইন প্রণয়ন। এছাড়া তালেবানি স্টাইলের দাবির মধ্যে রয়েছে নারী উন্নয়ন নীতি বাতিল, নারী ও পুরুষের একসঙ্গে মেলামেশা বন্ধ করা এবং মেয়েদের অশালীন পোশাক পরিধান না করা। এসব দাবি দেশের বেশির ভাগ আধুনিক মুসলিম এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিপক্ষে যায়। প্রধান বিরোধী দল বিএনপি হেফাজতকে সমর্থন দেয়। ইসলামি দল জামায়াতে ইসলামি বিএনপির মিত্র। বাংলাদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে ইসলামি কট্টরপন্থীদের বিরুদ্ধে রায় দেয়া হচ্ছে। এদের প্রায় সবাই জামায়াতে ইসলামির। গত ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধের একটি মামলার রায়ের পর ৬৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। সামনের দিনগুলো আরো অশান্ত হবে এবং আরো রক্তপাত হবে।
