নির্বাচনের সময় নির্বাচিত সরকার থাকবে :নাসিম

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪৩
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম তত্ত্বাবধায়ক সরকারকে দুর্বল সরকার হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আগামী নির্বাচনকালীন সময়ে নির্বাচিত সরকার থাকবে। কারণ নির্বাচিত সরকারই শক্তিশালী সরকার। তত্ত্বাবধায়ক নামক অনির্বাচিত দুর্বল সরকার দেশে আর ফিরে আসবে না। গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জানুয়ারি মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো অপেক্ষায় নির্বাচন বসে থাকবে না। নির্বাচন পরিচালনা করবে শক্তিশালী নির্বাচন কমিশন। আর আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তার দাপ্তরিক দায়িত্ব পালন করবেন। বিরোধী দলীয় নেত্রীর ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৮ ঘন্টার অল্টিমেটাম দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। আপনার আল্টিমেটামে আওয়ামী লীগের কিছুই হয়নি। বরং দলের নেতাকর্মীরা আরো বেশি সজাগ হয়েছে। সংগঠনের সভাপতি কবি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।