পদ্মশ্রী সম্মানে ভূষিত ঝর্ণাধারা চৌধুরীর সংবর্ধনা

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪৩
বাংলাদেশের ঝর্ণাধারা চৌধুরীকে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশকে জঙ্গিবাদী হতে দেয়া যাবে না। একটি ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নইলে আমাদের দেশ জঙ্গিবাদী আফগানিস্তান হয়ে যাবে। মন্ত্রী মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। তিনি বলেন, বাংলাদেশকে এই সম্মাননা জানাতে ৪৩ বছর লেগেছে। এই সম্মাননা কেবল ঝর্ণাধারার জন্য নয়, এটি বাংলাদেশ সরকার ও ভারত সরকারের জন্যও সম্মানের। ঝর্ণাধারা মহাত্মা গান্ধীর আদর্শে কাজ করে চলেছেন, এটা আমাদের জন্য পাথেয়। তার কাজ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ২০১১ সালে বাংলাদেশ ইন্দিরা গান্ধী সম্মাননা জানিয়েছে ইন্ডিয়াকে। এবার ভারত সরকার তাদের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করলো। এটা আমাদের সমাজে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবে। সভায় মহাত্মা গান্ধীর আদর্শে নিবেদিতপ্রাণ নোয়াখালীর জয়াগের গান্ধী আশ্রমের সচিব ঝর্ণাধারা বলেন, ভারত এই সম্মাননার মধ্য দিয়ে বাংলাদেশকে সম্মাননা জানিয়েছে। সেইসঙ্গে ভারত সরকার একজন নারীকে সম্মাননা জানিয়েছে, এটা আমার ভালো লাগছে। সমাজসেবায় আজীবন উত্সর্গীকৃত ব্যক্তিত্ব ঝর্ণাধারা সবাইকে মহাত্মা গান্ধীর আদর্শ ও মতবাদ লালন ও ধারণ করার আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম বাহার উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ, অধ্যাপক এস এম ইনামুল হক প্রমুখ।