রাজশাহী থেকে ১৫ ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ২ জনসহ মোট ১৭ শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। রাজশাহী অফিস ও রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতার পাঠানো খবর।
রাজশাহী অফিস জানায়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ১৫ শিবির কর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে নগরীর দেবিশিংপাড়া থেকে গ্রেফতার হওয়া ২ জনের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ৫০০ গ্রাম গান পাউডার, ১০০ গ্রাম পটাশিয়াম, ১০০ মার্বেল, ১০০ পোস্টার ও ৪০টি জেহাদী বই পাওয়া যায় বলে বোয়ালিয়া থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান। গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে এবং শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেয় বলে পুলিশ জানায়। মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের মামলার রায় ঘোষণার পর গ্রেফতারকৃতরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জানান।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, পৌর শহর থেকে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন মামলার পলাতক ২ শিবির নেতা হাফেজ মিরন (২৫), শেখ মো. রায়হান (২২) কে পুলিশ গ্রেফতার করেছে। থানার এস আই ফারুক আহম্মেদ বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক, গাড়িতে অগ্নিসংযোগ,গাছ কাটাসহ ৫/৬টি মামলা রয়েছে। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে পৌর শহর জামায়াতের আমীর দেওয়ান ইউসুফের ব্যবসায় প্রতিষ্ঠান দেওয়ান গার্মেন্টসে গত বৃহস্পতিবার জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত নেতারা পালিয়ে যান। এ সময় ধাওয়া করে ২ জনকে গ্রেফতার করা হয়।
