বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ এক যুগ পর জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামাল ও মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার বৈঠক করলেও ঐক্যমতে পৌঁছাতে পারেননি। নির্বাচন বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন মজিবর রহমান সরোয়ার এমপি। অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন আহসান হাবিব কামাল।
মেয়র পদ নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে এই দুই বিএনপি নেতার চরম বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষসহ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে। দীর্ঘ সময় সরোয়ার-কামালের মুখ দেখাদেখিও বন্ধ ছিলো। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে আহসান হাবিব কামাল তার সমর্থিত নেতাদের নিয়ে হাজির হন মজিবর রহমান সরোয়ারের বাসভবনে। তবে সাবেক দুই মেয়র দীর্ঘক্ষণ বৈঠক করলেও আওয়ামী লীগ প্রার্থীকে মোকাবেলার জন্য তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেননি।
বৈঠকের ব্যাপারে মজিবর রহমান সরোয়ার ইত্তেফাককে জানান, আহসান হাবিব কামালকে আকস্মিকভাবে তার বাসভবনে আসতে দেখে তিনি হতবাক হন। সরোয়ার জানান, সিটি নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে আহসান হাবিব কামাল সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তার দ্বারস্থ হয়েছেন -এ কথা তিনি বুঝতে পেরেছেন। তাকে ঐক্যের প্রস্তাব দেয়া হয়েছে। সরোয়ার জানান, যেহেতু একই দলের রাজনীতি করি, ঐক্যবদ্ধ আন্দোলনে আমার কোনো আপত্তি নেই। তবে সিটি নির্বাচন বিএনপি কেন্দ্রীয়ভাবে বর্জন করেছে। এ নির্বাচনে দলের কেউ প্রার্থী হচ্ছে না। আহসান হাবিব কামাল একক সিদ্ধান্তে প্রার্থী হলে তাকে দল থেকে পদত্যাগ করতে হবে। নতুবা কামালকে বিএনপি থেকে আবারো বহিষ্কার করা হতে পারে বলে জানান দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরোয়ার।
এ ব্যাপারে আহসান হাবিব কামাল ইত্তেফাককে জানান, আগামী ১২ মে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। আহসান হাবিব কামাল মনে করেন নাগরিক কমিটির ব্যানারে হলেও সিটি নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবেলা করা উচিত। তা না হলে আওয়ামী লীগ খালি মাঠে গোল দিবে। তবে সরোয়ারের সাথে বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আহসান হাবিব কামাল।
প্রসঙ্গত, পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর ৯ বছরের পৌর চেয়ারম্যান আহসান হাবিব কামাল প্রথম বরিশাল সিটি মেয়রের দায়িত্ব পান। বিগত জোট সরকারের আমলে মজিবর রহমান সরোয়ার এমপি নির্বাচিত হয়ে হুইপ মনোনীত হওয়ার পর তিনি মেয়র পদে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। ঐ নির্বাচনে তত্কালীন শহর বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামাল ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হন। ঐ সময় তাদের দু’জনকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর দলে ফিরিয়ে নেয়া হলেও বিগত মেয়র নির্বাচনে কামাল ও চাঁন দু’জনই প্রার্থী হয়ে তৃতীয় এবং চতুর্থ অবস্থান নিয়ে পরাজিত হন। নির্বাচনের পর জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে চাঁনের সাথে মজিবর রহমান সরোয়ারের ঐক্য হলেও চরম বিরোধিতা চলতে থাকে কামালের সঙ্গে। গত বৃহস্পতিবার রাতে দুই নেতার দীর্ঘক্ষণ বৈঠকের পরও সেই বিরোধিতা অটুট রয়েছে বলে জানা গেছে।
