চট্টগ্রামে সাড়ে ৩ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪৫
সাড়ে ৩ হাজার ঝুঁকিপূর্ণ, নকশা বহির্ভূত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সংশ্লিষ্ট স্থাপনার মালিকদের নোটিস পাঠিয়ে খালাস সিডিএ’র দায়িত্ব। এ ব্যাপারে সিডিএ’র প্রকৌশলী মো. শামীম ইত্তেফাককে বলেন, দীর্ঘদিন ধরে সিডিএতে ম্যাজিস্ট্রেট না থাকায় অভিযান চালানো হয়নি। জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরে একজন ম্যাজিস্ট্রেট সিডিএতে নিয়োগ পেলেও স্থাপনা উচ্ছেদে কোন নোটিস পাঠানো হয়নি। চট্টগ্রাম মহানগরীতে ঝুঁকিপূর্ণ, নকশা বহির্ভূত ও অনুমোদনহীন প্রত্যেকটি ভবন নির্মাণের সঙ্গে সিডিএ’র কোন না কোন কর্মকর্তা জড়িত রয়েছেন। একই সাথে সিডিএ’র সঙ্গে রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্টতা রয়েছে। রানা প্লাজা ধসে পড়ার পর সিডিএ নগরীতে ঝুঁকিপূর্ণ এবং অবৈধ ও নকশা বহির্ভূত ভবনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। সিডিএ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নগরীতে খুব কম ভবনই আছে, যা নিয়ম মেনে তৈরি করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সিডিএ’র কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করেই ভবন নির্মাণ করায় সিডিএ আইন মানা হয়নি। প্রতিটি এলাকার জন্য সিডিএ’র নির্দিষ্ট পরিদর্শক রয়েছেন। তাদের মূল কাজই হচ্ছে তার আওতাধীন এলাকায় নকশা বহির্ভূত কিংবা অনুমতি ছাড়া ভবন নির্মাণ হচ্ছে কিনা খোঁজ নেয়া। সিডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রায়ই অভিযোগ করে থাকেন লোকবল এবং পরিদর্শক কম। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে একটি বহুতল ভবন তৈরি করতে কয়েক বছর সময় লাগে। এর মধ্যে সংশ্লিষ্ট এলাকার পরিদর্শকের নজর এড়িয়ে ভবন নির্মাণ কোনভাবেই সম্ভব নয়। বরং তাকে জানান দিয়েই ভবন নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, ডেভেলপার প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ করা ভবনের ব্যাপারে সিডিএ’র পরিদর্শক ও কর্মকর্তাদের বেশি উদাসীন দেখা যায়। কারণ তারা প্ল্যান পাস থেকে শুরু করে সকল প্রক্রিয়ায় সিডিএ’র লোকজনকে ম্যানেজ করেই করে থাকে। অপরদিকে ব্যক্তি তত্ত্বাবধানে গড়ে উঠা ভবন মালিকদের নিয়ম-নীতি পালনে সিডিএ থেকে কঠোর মনোভাব দেখানো হয়। সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আমীনের নেতৃত্বে গত এক সপ্তাহে যেদিকেই অভিযান চালানো হয়েছে সেদিকেই অবৈধ ও নকশা বহির্ভূত ভবন পাওয়া যাচ্ছে। ডোবা ও পুকুর পাড়ে, খালের পাড়ে অসংখ্য বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছে। সড়কের জায়গা না রেখে যত্রতত্র অসংখ্য ভবন নির্মাণ করা হয়েছে। অনুমোদিত নকশায় জায়গা ছাড়ার বিষয়টি উল্লেখ থাকলেও ন্যূনতম ছাড়া হয়নি। নগরীর বাকলিয়া খাজা রোড এলাকায় খলিফা পুকুর ঘিরে অবৈধভাবে ৭টি ভবন গড়ে উঠেছে। দেখা যায় ভবনগুলোর মূূল কাঠামো পুকুর পাড়ে থাকলেও এর বেশ কিছু অংশ পুকুরের উপর। ভবনগুলোর মধ্যে ৪টির ক্ষেত্রে যথারীতি সিডিএ থেকে নকশা অনুমোদন করা হয়েছে। বাকি ৩টির ক্ষেত্রে কোন অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়। অননুমোদিত ভবনগুলোর একটি ৬ তলা ভবনের বেশ কিছু অংশ কাত হয়ে গেছে। গত সপ্তাহে সিডিএ’র ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন খুঁজতে গিয়ে পুকুর পাড়ে অবৈধভাবে নির্মিত ভবনগুলো দেখতে পাওয়া যায়। তাত্ক্ষণিকভাবে কাত হওয়া ৬ তলা ভবনটি থেকে লোকজন বের করে দিয়ে সিলগালা করে দেয়া হয়। বাকি ভবনগুলোও ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। কিন্তু পুকুর পাড়ে কিভাবে সিডিএ নকশার অনুমোদন দেয়া হয়েছে তা সবাইকে অবাক করেছে। কারণ পুকুর পাড়ে থাকা ভবনগুলোর সবগুলোই ঝুঁকিপূর্ণ এবং যে কোন সময় হেলে পড়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার আশরাফুল আমীন জানান। এ ব্যাপারে সিডিএ’র অথরাইজড অফিসার-২ ইঞ্জিনিয়ার মো. শামীম জানান, এটা তার আওতাধীন এলাকা নয়। অবশ্য অথরাইজড অফিসার-১ মনজুর হাসানকে যোগাযোগ করলেও পাওয়া যায়নি। এদিকে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ২টি বিল্ডিং-এর ৮টি গার্মেন্টস কারখানা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে কাজ চালিয়ে আসছে। জরাজীর্ণ এ ভবন দুইটিতে থাকা গার্মেন্টস কারখানাসমূহের মালিকদের অবিলম্বে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। সরকার ইমারত বিধিমালা ২০০৮ অনুযায়ী পরিবেশসম্মত ভবন নির্মাণের জন্য পাশে জায়গা ছেড়ে উপরের দিকে বেশি তলা নির্মাণে বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে নতুন নিয়মে উপরের দিকে বেশি তলা করার সুযোগ নিচ্ছে আবার নির্মাণ করার সময় পাশে একটু জায়গাও ছাড়ছে না। সিডিএ’র এক কর্মকর্তা জানান, নির্মাণ বিধিমালায় প্রতিটি ভবন নকশা অনুমোদন থেকে ভবনের ব্যবহার শুরুর পূর্ব পর্যন্ত সিডিএ’র সংশ্লিষ্টদের তদারকির কথা বলা হয়েছে। কিন্তু সিডিএ থেকে কোন তদারকি করা হয় না। ফলে প্রতিদিন যতগুলো নকশা অনুমোদন দেয়া হচ্ছে ভবন নির্মাণের সময় সবগুলোই মোটামুটি কম-বেশি নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে। অবৈধ, ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন মালিকদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে অভিযান পরিচালনার পর সিডিএতে প্রতিদিন অসংখ্য অভিযোগ জমা পড়ছে। সিডিএ’র উচ্ছেদ অভিযানকারী দলের এক কর্মকর্তা জানান, অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা তৈরি করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ গার্মেন্টস কারখানা, হাসপাতাল, স্কুল-কলেজ, মার্কেট, কমিউনিটি হলসহ জনবহুল স্থাপনাসমূহ ভাঙার ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আমীন ইত্তেফাককে বলেন, অথরাইজড বিভাগ থেকে অভিযোগ দেয়া হলে উচ্ছেদ কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হবে।