আব্দুল জব্বার সরকার
সংগ্রামী ভাষা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জব্বার সরকার (৮২) গতকাল দুপুরে রংপুরে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ১৯৭১ সালের ৩ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে পাকসেনারা বদরগঞ্জের শহীদ মিনার ভেঙ্গে ফেলার নির্দেশ দিলে তিনি স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে তা প্রতিহত করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আনিছুল ইসলাম মন্ডল, উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ।
আলী আহাম্মেদ
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ (৭২) গত বৃহস্পতিবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা শেষে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাস্থ নিজ গ্রামের বাড়ির পারিবারিক করস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও স্থানীয় সরকার,পল্ল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আ. জলিল হাওলাদার
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের বোনের ভাসুর ব্যবসায়ী আ. জলিল হাওলাদার (৬৮) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার ঢাকার বংশালের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
