মিরপুরে তুং হাই গার্মেন্টসে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪৫
রাজধানীর মিরপুরে তুং হাই গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি। গতকাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা জেলা) জহিরুল ইসলামের নেতৃত্বে তদন্ত কাজ শুরু হয়। তদন্ত কমিটি প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। এছাড়া কমিটি কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছে। অন্যদিকে অগ্নিকাণ্ডে নিহত পুলিশের এডিশনাল ডিআইজি জেডএ মোর্শেদের রুহের মাগফিরাত কামনা করে রাজারবাগ পুলিশ লাইন্স মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। নিহত জেডএ মোর্শেদের গুলশানের বাসায় গিয়ে গতকাল দেখা গেছে পরিবারের সকল সদস্যের মধ্যে শোকের ছায়া। আগামী জুলাইয়ে জেডএ মোর্শেদের মেয়ে মিলান্তি মোর্শেদের উচ্চ শিক্ষার্থে আমেরিকার বোস্টনে ইউম্যাস ইউনিভার্সিটিতে যাওয়ার কথা। জেডএ মোর্শেদের মা সুফিয়া আহমেদ বলেন, ‘আমার ৫ ছেলে-মেয়ের মধ্যে সবার বড় ছিল মোর্শেদ। পরিবারের সবার বড় হওয়ার সুবাদে সবার প্রতি নজর রাখতো সে। মোর্শেদ ছিল আমার বড় আদরের। তার এমন মৃত্যু দেখতে হবে আমি কখনো কল্পনা করিনি।’ স্বামীর মৃত্যুতে স্ত্রী নাসিমারও একই অবস্থা। এভাবে একজন আপনজনের চলে যাওয়াকে তিনি কোনোভাবেই মানতে পারছেন না। উল্লেখ্য, গত বুধবার রাতে মিরপুরে তুং হাই গার্মেন্টসে অগ্নিকাণ্ডে গার্মেন্টসের মালিক মাহবুবুর রহমান ও পুলিশের এডিশনাল ডিআইজি জেডএ মোর্শেদসহ ৮ জন নিহত হন।