চিতলমারীতে প্রতিমা ভাংচুর

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪৫
বাগেরহাটের চিতলমারীতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাজনগর গ্রামের শ্রী শ্রী গনেশ পাগল সার্বজনীন মন্দির ও কোয়ার্টার কিলোমিটার দূরে অবস্থিত সার্বজনীন কালি মন্দিরে জানালা ভেঙে দুর্বৃত্তরা দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। সকালে ওই এলাকার দফাদার ধ্রুব বিশ্বাস বিষয়টি দেখে এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে বাগেরহাটের সহকারী পুলিশ সুপার সাদিয়া আফরোজ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রী শ্রী গনেশ পাগল সার্বজনীন মন্দিরের সভাপতি প্রভাষ বাগচী ও সাধারণ সম্পাদক সজল হীরা জানান, রাতের আঁধারে জানালা ভেঙে দুর্বৃত্তরা এই অপকর্ম করেছে। অপরদিকে, সার্বজনীন কালি মন্দিরের সভাপতি নির্মল বাগচী ও সাধারণ সম্পাদক কমলেশ কুমার জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের মন্দির ভেঙে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, মন্দির নিয়ে ওই এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। এ ব্যাপারে চিতলমারী থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্ল¬া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।