ফায়দা হাসিলের জন্যই হেফাজত সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৪৬
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ফায়দা হাসিল করার জন্যই ‘পরগাছা’ হেফাজত ইসলামকে সৃষ্টি করেছিল বিএনপি জামায়াত। তবে পরগাছা বেশিদিন বাঁচতে পারে না। তিনি আরো বলেছেন, বিএনপি-জামায়াতের গর্ভে অবৈধভাবে জন্ম দেয়া হেফাজতে ইসলাম এখন আতুর ঘরেই মৃত্যুযন্ত্রণা ভোগ করছে। তাদের এ অবৈধ সন্তান কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করবে। হেফাজতে ইসলামকে পরগাছা হিসেবে আখ্যায়িত করে কামরুল ইসলাম আরো বলেন, একাত্তরের ঘাতকদের গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে। এ কারণে খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আইএসআইয়ের টাকায় বিএনপি-জামায়াত শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না, রাষ্ট্রযন্ত্রটাকে ধ্বংস করে দেয়ার জন্য আন্দোলনও করছে। এরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাংলাদেশ নামক রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত তারা। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্বরণসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিজি প্রমুখ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিএনপি, জামায়াত ও হেফাজত। সরকারি ও বেসরকারি সম্পদ, জাতীয় পতাকা, শহীদ মিনার, পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ কোন কিছুই তাদের কাছে নিরাপদ নয়। ড. হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক কর্মকাণ্ডে এটা স্পষ্ট হয়ে গেছে যে, খালেদা জিয়া সন্ত্রাসী নেত্রী। তার নেতৃত্বে দেশে ধ্বংসযজ্ঞ চলছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জঘন্যতম এই কর্মকাণ্ডের তদারকি করেছেন বিএনপি সিনিয়র নেতারা।