জেলার ধামইরহাটে এলজিইডি দপ্তরের আহ্বানকৃত বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর ৪০ লাখ ৬৬ হাজার টাকার টেন্ডার দাখিলের আগেই সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে কাজ ভাগাভাগির অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল দরপত্র দাখিলের দিন ধার্য ছিল। আগের দিন বিকালে ধামইরহাট ঠিকাদার সমিতির ৫/৬ লোকজন নওগাঁর প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে সমস্ত সিডিউল হস্তগত করেন।ওই রাতে ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক সরকারের নেতৃত্বে উপজেলার স্থানীয় কয়েকজন প্রভাবশালী ঠিকাদার গোপনে টেন্ডারের কাজ অবৈধভাবে ভাগাভাগি করে নেয়।
অভিযোগকারী ঠিকাদার আফজাল হোসেন, আব্দুল মালেকসহ নামপ্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজন ঠিকাদার জানান, এডিপি’র আওতায় ৩১টি গ্রুপে বিভক্ত মোট ৪০ লাখ ৬৬ হাজার টাকার কাজের শতকরা ৭ ভাগ অর্থাত্ ২ লাখ ৮৪ হাজার টাকা উপজেলা প্রকৌশলী ও ঠিকাদার সিন্ডিকেটের মাঝে ভাগাভাগির সিদ্ধান্ত হয়। ঠিকাদারী সিন্ডিকেট, তাদের মনোনীত ঠিকাদারদের মধ্যে প্রতি গ্রুপে মাত্র ৩টি করে সিডিউল সরবরাহ করে।
উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মতান্ত্রিক দরপত্র জমা দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
