আসছে বাজেটে তামাকজাত পণ্য যেমন সস্তা সিগারেট, বিড়ি প্রভৃতি পণ্যের ওপর কর বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংগঠন। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এমন দাবি জানানো হলেও সংশ্লিষ্টরা বলেছেন, এরূপ পণ্যের ওপর শুল্কহার বৃদ্ধির মাধ্যমে সরকার বিপুল অংকের রাজস্ব আয় করতে পারে। বর্তমানে সস্তা অথচ জনস্বাস্থ্যের জন্য হুমকি বিড়ি-সিগারেট একদিকে যেমন চিকিত্সা ব্যয় বাড়াচ্ছে, অন্যদিকে উত্পাদনশীলতায়ও আঘাত হানছে। কিন্তু বঞ্চিত হচ্ছে সরকার। আসছে ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার আগে এখন বাজেট প্রস্তুতির কাজ চলছে। রাজস্ব বোর্ডের কাছে জমা হচ্ছে বিভিন্ন সংগঠনের বাজেট প্রস্তাব। আলোচনাও হচ্ছে শুল্কহার নির্ধারণের বিষয়টি। যাতে আগামী অর্থবছরে সরকার রাজস্ব আদায় বাড়াতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, তামাক ও তামাকজাত পণ্যে বিদ্যমান করনীতি জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব করা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে একই নীতি অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়া হবে। অভ্যন্তরীণ উত্স থেকে অধিক রাজস্ব আদায়ের বিষয়টি বিবেচনা করে আগামী বাজেটে সব ধরনের তামাক ও তামাকজাত পণ্যের শুল্কহার বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি। সূত্রমতে, এ খাতকে রাজস্ব আদায়ের বড় খাত হিসাবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, দেশে সস্তা সিগারেটের উপর কর বৃদ্ধির দাবি করে হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন জানিয়েছে দেশের সিগারেটের বাজারে ৬০ ভাগই সস্তা। যার বাজার মূল্য প্রতি শলাকা দেড়টাকা মাত্র। ১০ বছর আগেও এ হার ছিলো মাত্র ২০ ভাগ। বিগত ২০১১-২০১২ অর্থবছরে প্রায় ৫ হাজার কোটি শলাকা বিক্রি হয়েছে শুধুমাত্র এই নিম্নস্তরের সস্তা ব্র্যান্ডগুলো থেকে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যদি এই সিগারেটগুলোর মূল্য এত সস্তা না নির্ধারণ করতো তাহলে দেশে সিগারেটের বিক্রি এত দ্রুত বৃদ্ধি পেত না। আসছে ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে এনবিআর-এর নিকট পেশকৃত দাবিতে উল্লেখ করা হয়েছে, দেশের সিগারেটের বাজার চারটি স্তরে বিভক্ত এবং দেড়টাকা মূল্যের সস্তা সিগারেটগুলো সব নিম্নস্তরের অন্তর্ভুক্ত। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৩০ টাকা। চীনে সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন মূল্য বাংলাদেশি টাকায় ১১০ টাকা, অথচ আমাদের দেশে সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন মূল্য মাত্র ১২ টাকা ১০ পয়সা। সিগারেট বা তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দরিদ্র জনগোষ্ঠির আয়ের একটি সিংহভাগ চলে যায় এই ক্ষতিকর এবং সস্তা সিগারেট সেবনের পেছনে। প্রতিদিন আমাদের দেশে ১৫৬ জন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে শুধুমাত্র ধূমপানজনিত কারণে। এর অন্যতম কারণ সিগারেটের সহজলভ্যতা। বর্তমানে দেশি-বিদেশি কোম্পানীগুলো সিগারেট সস্তা ও সহজলভ্য করে তা দেশের দরিদ্র জনগোষ্ঠীর নাগালে এনে তাদেরকে ধূমপানে প্রলুব্ধ করছে। ফাউন্ডেশন উল্লেখ করেছে, জাতীয় রাজস্ব বোর্ড যদি এই সকল সিগারেটের মূল্য ও কর তুলনামূলক কম নির্ধারণ না করতো তা হলে সিগারেট কোম্পানীগুলো এই ক্ষেত্রে এত বিশাল বাজার দখল করতে পারতো না। বরং রাজস্ব ঘাটতির এই দুর্দিনে সস্তা সিগারেটের মূল্য বৃদ্ধির মাধ্যমে অনেক বেশি পরিমাণে রাজস্ব আহরণ করতে পারতো।
বাংলাদেশের শহর স্বাস্থ্য জরিপ ২০০৬-এ উল্লেখ করা হয়েছে, নগর ও শহরের ৪৪-৫০ শতাংশ নিরক্ষর পুরুষ ও ৪৫-৫০ শতাংশ হতদরিদ্র পুরুষ সিগারেটে আসক্ত। মূলত এই জনগোষ্ঠী সস্তা সিগারেটের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ছে। তাই সাধারণ গরীব জনগণ ও অপ্রাপ্ত বয়স্কদের স্বাস্থ্য রক্ষার স্বার্থে সর্বনিম্ন মূল্যের সকল সিগারেটের মূল্য দ্বিগুণ করার দাবি জানানো হয়। অর্থনীতিবিদরাও মনে করেন, সস্তা সিগারেট ও বিড়ির কর বৃদ্ধি করলে এখান থেকে বাড়তি ২ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ সম্ভব।
