সিরিয়ায় সংঘর্ষ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ও সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পুটিন বলেন, সিরিয়ার পরিস্থিতির অগ্রগতির জন্য সম্ভাব্য উপায় নিয়ে ক্যামেরনের সাথে আলোচনা হয়েছে। এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে জানিয়েছেন তার কাছে প্রমাণ রয়েছে যে আসাদ বাহিনী বিরোধীদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে। তিনি বলেন, আসাদ সরকার তার সীমা অতিক্রম করেছে।
পুটিন বলেন, রাশিয়া ও যুক্তরাজ্য চায় সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতি অটুট রেখে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান। বৈঠক শেষে ক্যামেরন বলেন, এটি গোপন করার কিছু নেই যে সিরিয়ার ব্যাপারে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে কিন্তু তারা রক্তপাত বন্ধের অভিন্ন লক্ষ্যে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে একটি ক্ষমতার পরিবর্তনের ব্যাপারে আলোচনা করেন। দিকে আসাদকে ক্ষমতায় রেখে যেকোন ধরনের শান্তি পরিকল্পনার বিরোধিতা করেছে বিদ্রোহীরা।
গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব জানান, আগে করা চুক্তির অংশ হিসেবে রাশিয়া তার দীর্ঘদিনের মিত্র সিরিয়াকে সার্ফেস টু এয়ার মিসাইল দিচ্ছে। রাশিয়া নতুন করে মিসাইল বিক্রি করছে না। আগেই এগুলো বিক্রি করা হয়েছে। আগে ল্যাভরভ বলেছিলেন মস্কো সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে না কিন্তু এখন বলছে বিদ্যমান চুক্তির কারণে তা সরবরাহ করা হতেও পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় অস্ত্র সরবরাহ ও আসাদ সরকারকে রক্ষা করার চেষ্টার অভিযোগ করছে। গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট বলেন, কিছু মিসাইলের ধ্বংসাবশেষ এবং আহতদের পরীক্ষা-নিরীক্ষা করে সিরিয়ায় রাসায়নিক হামলার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জোরালো প্রমাণ পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা সে ব্যাপারে তারা এখনও সুনিশ্চিত নয়।
