ভারতের জাতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কংগ্রেস বিরোধিতা তীব্র হচ্ছে। সমপ্রতি কলকাতার এক জনসভায় সেদিকটাই স্পষ্ট হয়ে উঠে। সেসময় তিনি দিল্লীর সরকার পরিবর্তনের ডাক দেন। শুক্রবার বর্ধমানের জনসভায়ও তিনি একই সুরে কথা বলেন। তিনি সোনিয়া গান্ধী-মনমোহন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, আমি যদি আপনাদের ঘরের মেয়ে হই, তাহলে দিল্লীর সরকারকে বদলাবই। এটা আমার চ্যালেঞ্জ। খবর আনন্দবাজার পত্রিকার।
মমতা বলেন, কংগ্রেস ও সিপিএম হাত মিলিয়ে তার সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। এ জাল অবশ্যই ছিন্ন করতে হবে। তিনি বলেন, চৌত্রিশ বছর ধরে আমি অগ্নিপরীক্ষা দিয়ে আসছি। প্রয়োজে আরো দেব। ওইদিন সন্ধ্যায় তিনি সিবিআই’র দিকে ইঙ্গিত করে বলেন, রেলমন্ত্রী হিসাবে তার আমলের কাজকর্ম তদন্তের আওতায় আনা হচ্ছে। এর পিছনে কংগ্রেস হাইকমান্ডের পূর্ণ সায় রয়েছে। তিনি বলেন, আমি ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাকে তা নিয়েই থাকতে হয়। কিন্তু দিল্লীর কংগ্রেস আমাকে বাধ্য করছে দিল্লীর রাজনীতিতে সক্রিয় হতে। এখন আাামি চুপ থাকতে পারি না। কংগ্রেস নিজেদের মন্ত্রীর চুরি ঢাকতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে। ত্রিপুরার বামফ্রন্ট সরকার লগ্নি-সংস্থা কেলেঙ্কারির সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে তাকে চাপে রাখতে চাইছে। তিনি বলেন, কংগ্রেস-সিপিএম’র এখন জয়েন্ট ভেঞ্চার চলছে। সিপিএম হয়েছে ঢোল আর কংগ্রেস তবলা।
