অবৈধ বিদেশি শ্রমিকদের প্রতি সৌদি কর্তৃপক্ষের হুঁশিয়ারি

আপডেট : ১১ মে ২০১৩, ২১:৪৯
তিন মাস বর্ধিত সময়ের পর অবৈধ বিদেশি শ্রমিকরা সৌদি আরবে অবস্থান করলে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। জুলাই মাসের তিন তারিখে তিন মাসের এই বর্ধিত সময় শেষ হবে। স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, চাকরিদাতা বা অন্য যারা অবৈধ শ্রমিকদের আশ্রয় দিবে তাদেরও দুই বছর পর্যন্ত জেল হওয়ার সম্ভাবনা আছে। এতে আরো বলা হয়েছে, যাদের থাকা ও কাজ করার মেয়াদ শেষ হয়েছে তারা জরিমানা ছাড়াই সাধারণ ক্ষমার সুবিধা পাবে। এছাড়া, ‘বিশেষ ব্যবস্থায়’ কিছু নির্দিষ্ট শর্তাধীনে মালিক পরিবর্তনের সুযোগও থাকবে। তবে যারা অবৈধভাবে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রবেশ করেছে তারা এই সাধারণ ক্ষমার আওতাধীন হবে না। সরকারি হিসাব মতে, খুব স্বল্প বেতন পেয়ে থাকে এরকম প্রায় ৮০ লাখ বিদেশি শ্রমিক বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছে, দেশটিতে এর বাইরেও প্রায় ২০ লাখ অনিবন্ধিত বিদেশি শ্রমিক রয়েছে। লাখ লাখ বেকার সৌদি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশটির শ্রম মন্ত্রণালয় নতুন এই নিয়মটি চালু করেছে। এর ফলে ইয়েমেনী, ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশী শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অভিবাসন কর্তৃপক্ষের তথ্যানুসারে এবছরের প্রথম তিন মাসে সৌদি আরব থেকে প্রায় দুই লাখ বিদেশি শ্রমিককে বের করে দেয়া হয়।