দারিদ্র্যের কাছে হার মানেনি শোভা

আপডেট : ১১ মে ২০১৩, ২২:০৮
দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত হয়েও লেখা পড়া ছেড়ে দেয়নি সানজিদা আক্তার শোভা। নিজে প্রাইভেট না পড়তে পারলেও প্রাইভেট পড়িয়ে লেখাপড়ার খরচ অনেকটা বহন করতে হতো শোভাকে। শোভা এবার যশোর বোর্ডের অধীনে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। জোড়পুকুরিয়া গ্রামের নূরুল ইসলাম ও ফেরদৌসি খাতুনের ছোট মেয়ে সানজিদা আক্তার শোভা। বরাবরই ছাত্রী হিসেবে ভাল হলেও পরীক্ষার প্রস্তুতির জন্য সেভাবে প্রাইভেট পড়তে পারেনি। অসুস্থ থেকেও অন্যকে প্রাইভেট পড়িয়ে নিজে কয়েক মাস প্রাইভেট পড়েছে। বাবার জমি-জিরাত নেই অন্যের জমি বর্গা নিয়ে কোনো মতে সংসার চলে তার। তবুও ছেলে-মেয়ের লেখা-পড়া তিনি বন্ধ করেননি। শোভার পিতা নূরুল ইসলাম জানান, নিজের কোনো সম্পদ নেই, তারপরও ছেলে-মেয়েদের লেখা-পড়া বন্ধ করা হয়নি। নিজেরা না খেয়ে ছেলে-মেয়েদের খাবারের ব্যবস্থা করা হতো। শোভার মা ফেরদৌসি খাতুন জানান, মেয়ে ভাল পাস দিয়েছে। এটা অত্যন্ত খুশির খবর, তারপরও বড় কষ্ট কিভাবে ওকে কলেজে পড়াবো। কৃতী ছাত্রী শোভা জানান, নিজের মেধা দিয়ে যতটুকু পেরেছি তা দিয়েই আমি ভাল ফল পেয়েছি। শোভা একজন বিচারক হতে চায়। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী জানান, শোভা বরাবরই ভাল ছাত্রী। তার যতটুকু সুযোগ দেয়ার প্রয়োজন তা দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে কলেজে ভর্তি ও লেখা পড়ার খরচের জন্য সমাজের বিত্তশালীদের সহযোগিতা প্রয়োজন।