আবাসিক এলাকায় গার্মেন্টস কারখানা কেন?

আপডেট : ১১ মে ২০১৩, ২২:৩৬
সামনে জনবহুল ডিআইটি রোড, একপাশে ১৫ নম্বরে ১৫তলা গ্রীন টাওয়ার আবাসিক ফ্ল্যাট, আরেকপাশে ১৮ নম্বরে ১০ তলাবিশিষ্ট আবাসিক ভবন, পিছনে কয়েকটি আবাসিক ভবন এবং ঠিক তার মাঝখানে ১৭/১ নম্বর ও ১৭/২ নম্বরে ৮ তলাবিশিষ্ট ভবন দুটিতে স্থাপন করা হয়েছে দুটি গার্মেন্টস কারখানা। সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে ভবন দুটির ছাদে স্থাপন করা হয়েছে জেনারেটর। সেই জেনারেটরের প্রচণ্ড শব্দ এবং ভাইব্রেশনের ফলে যে কম্পনের সৃষ্টি হয় তাতে তিনদিকের ভবনগুলোর বাসিন্দাদের ছেলেমেয়েদের পড়ালেখার বিঘ্ন ঘটা ছাড়াও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। গার্মেন্টস কারখানা দুটির একটির নিচে হার্ডওয়্যারের ও অপরটির নিচতলায় বাটার দোকান যেটি রাজউকের গ্যারেজের স্থান বলে উল্লেখ রয়েছে। কারখানা দুটিতে ঢোকার দরজা এবং গেট এতই ছোট ও সরু যে, আলাহ না করুন যদি কোনো কারণে অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটে তবে বহু লোকের প্রাণহানির আশংকা উড়িয়ে দেওয়া যায় না, সেইসঙ্গে পার্শ্ববর্তী ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান। এসব কারণে আশপাশের বাসিন্দারা সর্বদাই একটা আতংকের মধ্যে বসবাস করছেন্। এইরূপ অবস্থানে এই ভবন দুটিতে কারখানা করার আগে সরকারের কারখানা পরিদর্শন বিভাগ কি আদৌ পরিদর্শন করেছিল? পোশাক কারখানার কাঠামোগত নকশা এবং ভবন দুটি কতটা ভারবহন করতে সক্ষম তা কি যাচাই-বাছাই করিয়ে নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে? কিংবা নেওয়া হয়েছিল কি পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে সন্তোষজনক ছাড়পত্র? তাছাড়া আবাসিক এলাকায় পোশাক কারখানা স্থাপনের আইনসম্মত বিধিবিধান লংঘন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা জরুরি। নইলে এক্সপেকট্রাম, তাজরীন কিংবা রানা প্লাজার মতো কোনো ভয়াবহ ট্রাজেডি ঘটলে কে বহন করবে তার দায়-দায়িত্ব? মোদ্দাকথা আমরা আশপাশের বাসিন্দারা একটা ভীতিকর পরিবেশের মধ্যে বসবাস করছি। অতি সমপ্রতি বিজিএমইএ এবং বিকেএমইএ পোশাক কারখানার কাঠামোগত নকশা ও সেগুলো কতটা ভার বহন করতে সক্ষম তার হিসেব জমা দিতে বলেছে সদস্যদের। কোনো কারখানার গরমিল পাওয়া গেলে সেটির লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অতএব, উল্লিখিত ১৭/১ এবং ১৭/২ নম্বর পূর্ব রামপুরা রোডে অবস্থিত ভবনে স্থাপিত গার্মেন্টস কারখানা দুটি পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করে অবিলম্বে তা অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক— সরকার তথা বিজিইএমএ-র কাছে এলাকাবাসীর এটাই জোর দাবি এবং প্রত্যাশা। ইলিয়াস আলী খান ১৮ পূর্ব রামপুরা, ঢাকা