খালেককেই ফের মেয়র হিসেবে চান সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০১
আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে ‘সম্মিলিত নাগরিক কমিটি’ নামে একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীকে। সাবেক সংসদ সদস্য ও খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলীকে কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া প্রবীণ আইনজীবী ময়ীন উদ্দীন আহমেদ ও শিক্ষক নেতা এস এম আব্দুল জলিলকে কমিটির জয়েন্ট কনভেনর, সমাজসেবী শাহ জাহাঙ্গীর আবেদকে সদস্য সচিব এবং হুমায়ুন কবীর ববিকে অফিস সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল শনিবার নগরীর উমেশ চন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে গঠিত ১০১ সদস্যের এ নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির প্রার্থী হিসাবে তালুকদার আব্দুল খালেক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী ও অ্যাডভোকেট এনায়েত আলী মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন—এ খবরে নগরীতে নাগরিক কমিটিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। এদিকে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘নাগরিক কমিটি’র ব্যানারে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট অংশ নেয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে। এখনও পর্যন্ত কেন্দ্র সিদ্ধান্ত না দিলেও কর্মীদের আন্তরিক মনোভাব দেখেই ১৮ দলীয় জোটের স্থানীয় নেতারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে মেয়র পদে ১৮ দলীয় জোট থেকে শেষ পর্যন্ত একক প্রার্থী দেয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। একটি নিভরযোগ্য সূত্র জানিয়েছে, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি নাগরিক কমিটির মেয়র প্রার্থী হিসাবে আজ রবিবার মনোনয়নপত্র জমা দিবেন। তার পক্ষ থেকে জামানতের টাকা জমা দেয়া হয়েছে। ইতিমধ্যে জামায়াতে ইসলাম ও মুসলিম লীগ মেয়র পদে নির্বাচন করার উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছে। ফলে আগামী ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটি ও বিএনপি সমর্থিত নাগরিক কমিটির দুই মেয়র প্রার্থীর মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে বলে ভোটাররা ধারণা করছেন। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালকদার আব্দুল খালেকের সমর্থনে গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর উমেশ চন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সম্মিলিত নাগরিক কমিটির’র সভা আহবান করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এনায়েত আলী। দীর্ঘ তিন ঘণ্টা পর্যন্ত চলে এই সভা। সভায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী বলেন, গত পাঁচ বছরে তালুকদার আব্দুল খালেক মেয়র হিসাবে যোগ্যতার পরিচয় দিয়েছেন। খুলনা মহানগরীর উন্নয়নে মেয়র প্রার্থী হিসাবে তিনি নিঃসন্দেহে যোগ্যতম ব্যক্তি। তাই কোন রাজনৈতিক বিচার-বিবেচনায় নয়, একজন নাগরিকের দায়বদ্ধতার জায়গা থেকে খুলনা মহানগরীকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে প্রত্যেককেই সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থীকে সমর্থন দেয়া উচিত। সভায় বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, এস এম জাহিদ হোসেন, মো. সাহেব আলী ও সুবীর রায়, শিক্ষক নেতা এস এম আব্দুল জলিল, অধ্যাপক খান আতিয়ার রহমান, প্রশান্ত কুণ্ডু, সোবহান শরীফ, লিয়াকত আলী শরীফ প্রমুখ। সূত্র জানায়, বিএনপির প্রার্থী হিসাবে শেখ রাজ্জাক আলী ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পরে স্পিকার নির্বাচিত হন। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের আগে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এলডিপির নির্বাহী প্রেসিডেন্ট হন। পরে এই দল থেকেও তিনি পদত্যাগ করেন। বর্তমানে তিনি কোন দলীয় রাজনীতির সঙ্গে জড়িত নন। এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এনায়েত আলী বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান। তিনি বিগত ২০০৮ সালের ৪ আগস্টের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত শুক্রবার বিএনপি কার্যালয়ে ১৮ দলের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের স্থানীয় সমন্বয়ক ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে নেতারা একমত হন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিবেন। জাতীয় সংসদের খুলনা-২ ও ৩ আসনে ১৮ দলীয় জোটের জনসমর্থন বেশি থাকায় তারা মেয়র পদটি আর হাতছাড়া করতে রাজি নন বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। গতকাল শনিবার বিকালেও বিএনপি কার্যালয়ে ১৮ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়। কে হবেন মেয়র প্রার্থী এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। সূত্র জানিয়েছে, মেয়র প্রার্থী নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ২০০৮ সালের ৪ আগস্ট মেয়র নির্বাচনে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। ১৯৯৪ ও ২০০২ সালে সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে নগর বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত হন। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনাও মেয়র পদে একজন জোরালো প্রার্থী।