রাজধানীর বদরুন্নেসা কলেজের ছাত্রী হলে ফাটল

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০২
রাজধানীর বেগম বদরুন্নেসা মহিলা কলেজের পুরাতন ছাত্রী হলের দু’টি স্থানে ফাটল দেখা দিয়েছে। আর এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। ভবনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হলে থাকতে রাজি নয় ছাত্রীরা। দাবির মুখে গতকাল শনিবার ছাত্রীদের একই কলেজের নতুন হলে স্থানান্তর করা হয়েছে। তবে গতকাল রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ হিল আজাদ সরেজমিন পরিদর্শন শেষে কলেজ কর্তৃপক্ষকে জানান, এ ভবনে থাকা যাবে। কোন সমস্যা হবে না। কলেজের এক কর্মচারি জানান, গত কয়েকদিন ধরে হলের দু’টি স্থানে এ ফাটল দেখা যায়। বিষয়টি অধ্যক্ষের নজরে আনেন ছাত্রীরা। অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বেগম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের দিয়ে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করান। গতকাল দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা কলেজ অধ্যক্ষকে জানান, কোন সমস্যা নেই । এ অবস্থায় হলে ছাত্রীরা থাকলে কোন সমস্যা হবে না। এ সময় অধ্যক্ষ এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের বলেন, ছাত্রীরা থাকলে কোন সমস্যা নেই বিষয়টি লিখিতভাবে দিবেন। কিন্তু তারা এ বিষয়ে লিখিত দিতে সম্মত হননি। তারা বলেন, প্রধান প্রকৌশলী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। পরে রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পরিদর্শন শেষে জানান, ভবনে ছাত্রীদের থাকতে কোন সমস্যা নেই ।