ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০২
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। গতকাল শনিবার রাতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে সরে একই এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া বিভাগ গত রাতে সর্বশেষ আবহাওয়া বুলেটিনে জানিয়েছে, সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৬০০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি কখন বাংলাদেশে আঘাত হানতে পারে এবং এর প্রচন্ডতা কেমন হতে পারে জানতে চাইলে আবহাওয়া বিভাগের কর্তব্যরত কর্মকর্তা গতকাল রাতে কোন মন্তব্য করতে চাননি।