বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জনতা ব্যাংকের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০৩
একাত্তরের মুক্তি সংগ্রামে বীর যোদ্ধাদের নিয়ে ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান করেছে জনতা ব্যাংক লিমিটেড। মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদদের নিয়ে এক নৌবিহারের আয়োজন করে ব্যাংকটি। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-পরিজন উপভোগ করেছেন ভিন্ন স্বাদের একটি দিন। গতকাল শনিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে জলযান এমভি সুন্দরবন-৭ বরিশাল নৌবন্দর থেকে রওয়ানা হয়। কীর্তনখোলা নদীতে অতিথি ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভেসে বেড়ানো লঞ্চেই শুরু হয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে রণাঙ্গনের স্মৃতিকথা ও বর্তমানে মুক্তিযোদ্ধাদের মানবেতর জীবন-যাপনের কথা তুলে ধরেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে ৯নং সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল ও সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনসহ এ অঞ্চলের অনেক ত্যাগী ও সাহসী মুক্তিযোদ্ধার নাম খেতাব তালিকায় না থাকার প্রসঙ্গটিও উঠে আসে মুক্তিযোদ্ধাদের বক্তৃতায়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধাদের বঞ্চনার কথা স্বীকার করে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র কখনোই বীর বাঙ্গালিকে মাথা উঁচু করে ভালোভাবে বেঁচে থাকুক তা চায়নি। তিনি বলেন, বাংলার বাঘ শেরেবাংলা একে ফজলুল হক, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ও দার্শনিক আরজ আলী মাতুব্বরের মতো আলোকিত মানুষের জন্ম হয়েছে এ কীর্তনখোলা নদীর তীরে। বিশেষ অতিথির বক্তৃতায় জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিংবা বীর মুক্তিযোদ্ধা অথবা সাধারণ মুক্তিযোদ্ধাদের নিয়ে বার বার তালিকা রদবদল নয়। বরং ১৯৭১ সালে গুটিকয়েক স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর ও আলশামস পরিবারকে বাদ দিলে প্রায় ৭ কোটি বাঙ্গালির পরিবার কোনো না কোনো ভাবে স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত। দুঃখের বিষয়, যারা সম্মুখ যুদ্ধ করেছেন, স্বাধীনতার ৪২ বছর পরও তারা মানবেতর জীবন-যাপন করছেন। আর স্বাধীনতা বিরোধী সেই গুটিকয়েক মৌলবাদী পরিবার বিত্তশালী ও ক্ষমতাশালী হয়ে উঠেছেন। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী মৌলবাদী চক্র বিভিন্ন সময় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে তাদের অর্থনীতি শক্তিশালী করেছে। তিনি বলেন, স্বাধীনতার ৪২ বছর পরও সশস্ত্র সংগ্রামে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তেমন কোনো তথ্য নেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। তাই জনতা ব্যাংক স্বেচ্ছাশ্রমে সারাদেশে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অনুসন্ধান চালিয়েছে। তাতে যে তথ্য বেরিয়ে এসেছে-দেখা গেছে বরিশালের বীর প্রতীক আব্দুর রহমান জীবিকার তাগিতে জয়পুর হাটের পাঁচবিবিতে গিয়ে বসবাস করতেন। সেখানেই তার মৃত্যু হয়েছে। সেখানে জরাজীর্ণ কুটিরে অনাহারে অর্থাহারে এখন বসবাস করছে তার সন্তানরা। চুয়াডাঙ্গার মজিবর রহমান, নড়াইলের হাজারী লাল তরফদার (বীর প্রতীক), নবাবগঞ্জের শহীদ আমির হোসেনসহ (বীর প্রতীক) অনেক মুক্তিযোদ্ধা সম্পর্কে তথ্য তুলে ধরে ড. বারকাত বলেন, এদের কেউ সাপের খেলা দেখান, আবার কারো স্ত্রী মাছের ঘের পাহারা দেন ও কারো মেয়ে কাবিখা প্রকল্পে মাটি কাটার কাজ করে জীবন-যাপন করছেন। জনতা ব্যাংকের জরিপে ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার জীবন পর্যালোচনা করে একটি গ্রন্থ প্রকাশ করেছে। তিনি বলেন, খেতাবপ্রাপ্তদের সংবর্ধনা এবং কয়েকজন মুক্তিযোদ্ধাকে অনুদান দিয়ে একটি মডেল তৈরি করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্যের আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে মুক্তিযোদ্ধা তাদের সন্তান ও নাতি-নাতনি এই তিন প্রজন্মকে সচ্ছলভাবে বেঁচে থাকার একটি রূপরেখা তৈরি করে দেয়া হয়েছে। জনতা ব্যাংক শুধু অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছলভাবে বেঁচে থাকার একটি নমুনা তৈরি করে দিয়েছে। এ নমুনা অনুযায়ী মুক্তিযোদ্ধা অসচ্ছল পরিবারগুলোকে সচ্ছল করা সম্ভব বলে মনে করেন ড. আবুল বারকাত। বক্তৃতা করেন অগ্রণী ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার, ড. জামাল উদ্দিন আহম্মেদ এফসিএ, অতিরিক্ত সচিব মোঃ ইমাদুল হক, জনতা ব্যাংকের পরিচালক মোঃ আবু নাসের, সঙ্গীতা আহমেদ, কর্নেল তাহেরের স্ত্রী লুত্ফা তাহের প্রমুখ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস.এম আমিনুর রহমান। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দে র জনপ্রিয় দেশাত্মবোধক গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলা সাড়ে ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সুন্দরবন লঞ্চটি পুনরায় বরিশাল নৌবন্দরে ফিরে আসে।