পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগকে (পিএমএল-এন) বিজয়ী ঘোষণা করেছেন। গতকাল রাতে লাহোরে তার সমর্থখদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে, তিনি আবার দেশ সেবার সুযোগ দিয়েছেন। তার দল বিপুল ভোটে জয় পেলেও একক ভাবে সরকার গঠন করতে পারবে না বলে মনে হচ্ছে। গতকাল শনিবার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। একই দিন প্রাদেশিক পরিষদের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে বিস্ময়কর উত্থান হয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)। পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসছে পিটিআই। তবে পিটিআই জানিয়েছে, তারা পিপিপি বা পিএমএল-এন কারো সঙ্গেই জোট গঠন করবে না। নওয়াজ শরীফ ও ইমরান খান নিজ নিজ আসনে জয়লাভ করেছেন। বিগত সরকারের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ নওয়াজ শরীফের দলের প্রর্থীর কাছে পাত্তাই পাননি। নির্বাচন কমিশনার বলেছেন, ভোট দেয়ার হার বেশ আশাব্যঞ্জক এবং ভোটারদের দীর্ঘ লাইনের কারণে ভোট দেয়ার সময় এক ঘণ্টা বাড়ানো হয়। খবর বিবিসি, ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের।
পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম গণতান্ত্রিকভাবে একটি বেসামরিক সরকারের হাত থেকে আরেকটি বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হলো। অনেকে ঝুলন্ত পার্লামেন্টেরও আশঙ্কা করছেন। পিপিপি সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করার পর তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচন পরিচালনা করছে।
পাকিস্তানের শিক্ষা অধিকার আন্দোলনের জন্য আলোচিত মালালা ইউসুফজাই এক বার্তায় সবাইকে ভোট দেয়ার আহবান জানান। পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। কিন্তু নির্বাচন সংক্রান্ত বিক্ষিপ্ত সহিংসতায় বেশকিছু প্রাণহানির খবর পাওয়া গছে। এর মধ্যে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটেছে করাচিতে। সেখানে আওয়ামী ন্যাশানাল পার্টি অফিসের বাইরে একটি বোমা হামলার ঘটনায় ১১ জনসহ মোট ১৩ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। আক্রমণের লক্ষ্য ছিলেন স্থানীয় আওয়ামী ন্যাশনাল পার্টির প্রার্থী। এছাড়া বেলুচিস্তানের নাসিরাবাদে বোমা হামলায় অন্তত ১০ জন ও কোয়েটায় বোমা হামলায় নিহত হয় অন্তত ৬ জন। নির্বাচনের আগের কয়েকদিনে নির্বাচনী সহিংসতায় ১২২ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি তালেবান আত্মঘাতী হামলা চালানোর হুমকি দেবার পর ভোটদান কেন্দ্রগুলোতে কয়েক লাখ সেনা মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকা বন্ধ করে দেয়া হয়েছে বিদেশি জঙ্গীদের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য।
আট কোটি ৬০ লাখ ভোটারের মধ্যে ৬০ থেকে ৮০ শতাংশ ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে। পেশোয়ারে মহিলা ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। করাচিতে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার দেরিতে পৌঁছানোর কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়। ধর্মভিত্তিক জামায়াত-ই-ইসলামী দল অভিযোগ করেছে, তাদের ভোটারদের হয়রানি করা হচ্ছে এবং তারা করাচি ও হায়দারাবাদে ভোট বয়কট করার ঘোষণা দেয়। করাচির সাতটি আসনে নির্বাচন স্থগিত করা হয়। নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ৬ লাখ নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়।
পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে ২৭২টি আসনে সরাসরি নির্বাচন হচ্ছে। নারীদের জন্য ৬০টি এবং সংখ্যালঘুদের জন্য ১০টি আসন সংরক্ষিত।
