‘চাচা আমায় মাফ করে দেন’

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০৪
‘চাচা আমায় মাফ করে দেন। আপনার সব স্বর্ণ আমি ফিরিয়ে দেব। আমি লোভে পড়ে ভুল করেছি’—কথাগুলো রাজধানীর রজনীগন্ধা মার্কেটের তিনটি স্বর্ণের দোকানের মালিক ফারুক হোসেন জুয়েলের। একই মার্কেটের অপর একটি জুয়েলারী দোকান থেকে তিন কোটি টাকার স্বর্ণ লুট করার অভিযোগে গোয়েন্দা পুলিশ তাকেসহ তিনজনকে শুক্রবার কাফরুল এলাকা থেকে গ্রেফতার করে। গত বছর ২৪ ডিসেম্বর কচুক্ষেত রজনীগন্ধা মার্কেটের স্বর্ণালী জুয়েলারী দোকানের দেয়াল কেটে দুর্বৃত্তরা তিন কোটি টাকা মূল্যের ৫০১ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় দোকান মালিক সামছুল হক ভাসানটেক থানায় মামলা করেন। গতকাল শনিবার মিন্টু রোডস্থ ঢাকা মহানগর গোয়েন্দা দফতরে মামলার বাদী সামছুল হকের সামনে গ্রেফতারকৃতদের হাজির করা হয়। এ সময় জুয়েল সামছুল হককে উদ্দেশ করে এ অনুরোধ জানান। তবে সামছুল হক বলেছেন, একটি মার্কেটে দোকানদারি করি বলে জুয়েল তাকে চাচা বলে ডাকত। কিন্তু স্বর্ণের ব্যবসার আড়ালে যে একজন ডাকাত তা আগে জানতাম না। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (পশ্চিম) মশিউর রহমান জানান, রজনীগন্ধা মার্কেটে ফারুক হোসেন জুয়েলের তিনটি স্বর্ণের দোকান রয়েছে। চোরাই স্বর্ণ কেনা-বেচা ও স্বর্ণ বন্ধকী তার আসল ব্যবসা। তার বাবা ছিল স্বর্ণের দোকানের কর্মচারী। তিনি বেশ কয়েক বছর আগে মারা যান। জুয়েল এক সময় মাছের দোকানদারি করেছে। ২০০৩-২০০৪ সালের দিকে স্বর্ণ বন্ধকী ব্যবসা শুরু করে। এর পাশাপাশি স্বর্ণের চোরদের সঙ্গেও তৈরি করে যোগসূত্র। ফলে দ্রুত সময়ের মধ্যে সে অনেক টাকা-পয়সার মালিক বনে যায়। গত বছর থেকে তার মাথায় চাপে সে ছবি বানাবে। এজন্য ইস্কাটনে একটি অফিসও নিয়েছে। ডিবি সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার দুইদিন আগে জুয়েল স্বর্ণের দোকান ভাঙ্গার জন্য স্বর্ণ চোর দলের লিডার সেলিমকে সাড়ে ৭ হাজার টাকা দিয়ে তালা কাটার যন্ত্রসহ অন্যান্য মালামাল কিনে দেয়। ঘটনার দিন ছিল রবিবার। রজনীগন্ধা মার্কেটের সাপ্তাহিক ছুটির দিন। ঐদিন দুপুরে জুয়েল তার গাড়িতে করে তালা কাটার যন্ত্র নিয়ে যায় মার্কেটে। এরপর সেলিমসহ অন্যরা স্বর্ণালী জুয়েলার্স সংলগ্ন হার্ডওয়্যার দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। হার্ডওয়্যার দোকানে লাগানো হয় নতুন তালা। যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে যে ভেতরে কেউ প্রবেশ করেছে। পরে হার্ডওয়্যার দোকানের দেয়াল ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণালী জুয়েলার্সে। সেখান থেকে লুট করে ৫০১ ভরি স্বর্ণ। আর চুরির একদিন পর মালিক জানতে পারেন স্বর্ণ চুরির কথা। এডিসি মশিউর রহমান বলেন, স্বর্ণ চুরির ঘটনায় ভাসানটেক থানায় মামলা দায়ের করার পরই তদন্ত ডিবিতে ন্যস্ত হয়। তিনি বহু চেষ্টা করেও চুরি সংক্রান্ত তথ্য পাচ্ছিলেন না। কিন্তু হাল ছাড়েননি। কয়েকদিন আগে তিনি এক মাতালের কাছ থেকে জানতে পারেন স্বর্ণ চুরির সঙ্গে জুয়েল জড়িত। ঐ লোকের বাড়ি বরিশালে। ঐ ব্যক্তি তাকে জানায়, স্বর্ণ চুরির পর জুয়েলসহ কয়েকজন বসেছিল একটি মদের আড্ডায়। সেখানে নেশার ঘোরে জুয়েল বলেছিল স্বর্ণ চুরির কথা। আর এ সূত্র ধরেই গ্রেফতার করা হয় জুয়েল, প্রাইভেটকার চালক আবু তালেব হাওলাদার ও জুয়েলের কর্মচারী মুকুল হোসেনকে। জুয়েলের দেয়া তথ্যমতে উদ্ধার করা হয়েছে ১১৩ ভরি স্বর্ণালংকার। তিনি আরও জানান, ঘটনার দুইদিন পর চোরাই স্বর্ণ জুয়েলসহ অন্যরা ভাগ করে নেয়। আর জুয়েলের অংশ গলিয়ে নতুন করে অলংকার বানানো হয়। তবে ঘটনার পর থেকে স্বর্ণ চোর লিডার সেলিম নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, চোরাই স্বর্ণ ভাগবাটোয়ারা নিয়ে হয়তো সেলিমকে গুম করা হতে পারে। স্বর্ণ লুটের ঘটনায় জড়িতদের অধিকাংশের বাড়ি বরগুনায়। এডিসি বলেন, জুয়েল সাতাশ বছরের যুবক। কয়েক বছরের মধ্যে তিনি বেশ কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। তার টাকার উত্স সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল জানিয়েছেন, তার টাকা বানানোর ‘চেরাগবাতি’ চোরাই স্বর্ণ ও বন্ধকী ব্যবসা। এসি তৌহিদ বলেন, জুয়েলসহ গ্রেফতারকৃত তিনজনকে গতকাল শনিবার ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। কচুক্ষেত রজনীগন্ধা মার্কেটের স্বর্ণালী জুয়েলার্সের মালিক সামছুল হক বলেন, রজনীগন্ধা মার্কেটে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। জুয়েল তাকে চাচা বলে ডাকতো। কিন্তু তার কথাবার্তায় কখনোই মনে হয়নি সে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। মাফ চাইলেই তাকে মাফ করা যাবে না। ঘটনার ছয় মাস পর স্বর্ণ উদ্ধারের ঘটনায় তিনি গোয়েন্দা কর্মকর্তাদের ধন্যবাদ জানান।