বিরোধী দলের কর্মকাণ্ডের প্রতিবাদে ১৪ দলের চার দিনের কর্মসূচি

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০৪
বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার এগিয়ে নিতে কাল সোমবার থেকে চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ মে বিকাল ৩টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডর ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে বৈঠক, ১৪ মে একই স্থানে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় এবং ২০ ও ২১ মে মোহাম্মদপুর, কামরাঙ্গিরচর ও লালবাগে ১৪ দলের সমাবেশ। গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ১৪ দলীয় জোটের বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এ কর্মসূচির কথা সাংবাদিকদের জানান। মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনের সময় নির্বাচিত বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। তবে নির্বাচন করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শুধু তার নিজস্ব দাপ্তরিক কাজ করবেন। নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে শর্তহীনভাবে আলোচনায় আসার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম হাওয়ায় মিলিয়ে গেছে। বিএনপি-জামায়াতকে বলি, আর চক্রান্ত করবেন না, শান্তির পথে ফিরে আসুন। দেখলেন তো চক্রান্ত করলে কি হয়? বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ। সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন বিষয়ে ১৪ দলের নেতাদের প্রশ্নে সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাতিল হওয়ার কারণে ওই ব্যবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই। সর্বদলীয় সরকার ব্যবস্থা হবে। ১১ সদস্যের এ অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বক্তব্যে ১৪ দলের অন্য নেতারাও একমত প্রকাশ করেন। ‘বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই’ সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী শিল্পগোষ্ঠী আয়োজিত ‘হেফাজত-জামায়াত-বিএনপির রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বিরোধী দলের উদ্দেশে বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ হবে না। তাদের ফর্মুলায় নয়, সংবিধান অনুযায়ীই যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনাকে (খালেদা) যেসব নেতা ভুল পরামর্শ দিয়ে বিপথে প্রবাহিত করছে তাদেরকে পরিহার করুন। নইলে পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন।’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুর্বল অভিহিত করে তিনি বলেন, দুর্বল এই ব্যবস্থা দেশে আর ফিরে আসবে না। হেফাজতকে শাপলা চত্বর থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ‘দুঃসাহসিক’ অভিহিত করে তিনি বলেন, খালেদা জিয়া নীলনকশা বাস্তবায়ন করতে আগের দিন ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পরের দিন এদের (হেফাজত) ব্যবহার করে ক্ষমতার মসনদে যাওয়ার দুঃস্বপ্ন দেখেছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ বুঝে গিয়েছিল আরেকটি ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে। আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সালাহউদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, ফাতেমা জামান সাথী, হুমায়ুন কবির মিজী প্রমুখ।