প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকার উত্খাতের নামে তাণ্ডব, সহিংসতা ও খুন-খারাবির পথ ত্যাগ করে সংলাপে বসার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আবারো আহ্বান জানিয়েছেন। খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, উনার তাণ্ডব দেশবাসী দেখেছে। উনি হেফাজত ও জামায়াতের জঙ্গিদের রাস্তায় বসিয়ে সরকার উত্খাতের যে অপচেষ্টা করেছিলেন তা ব্যর্থ হয়ে গেছে। আর এ কারণে উনি এখন ব্যর্থতার গ্লানিতে ভুগছেন। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা শাখার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির তাণ্ডবের জবাব দেয়ার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। কিন্তু আওয়ামী লীগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায় না। তাই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আর সরকার উত্খাতের প্রচেষ্টা সত্ত্বেও আমার আগেকার সংলাপের আহ্বান অব্যাহত রয়েছে। কারণ আলোচনার মাধ্যমেই যে কোন সমস্যার সমাধান সম্ভব। সরকারও সেটাই চায়।
বিরোধীদলীয় নেতাকে সংসদে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার উত্খাতের নামে মানুষ হত্যা ও তাণ্ডব বন্ধ করে সংসদে আসুন। যা বলার সেখানেই বলুন। আমরা সব কথা শুনবো। আলোচনায় বসেই সমস্যার সমাধান করি। উল্লেখ্য, গত ২ মে আরেকটি মতবিনিময় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো বিরোধীদলীয় নেতাকে সংলাপের আহ্বান জানিয়েছিলেন। পরে ৪ মে মতিঝিলের সমাবেশে খালেদা জিয়া সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধুর চিহ্নিত হত্যাকারীকে বিরোধীদলীয় নেতা করা, ২০০১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের ওপর এত জুলুম-নির্যাতন ও অত্যাচার এবং ২১ আগস্ট আমাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টার পরও আমি বিরোধী দলের নেতাকে (খালেদা জিয়া) সংলাপের আহ্বান জানিয়েছিলাম। যে কোন জায়গায় আলোচনায় বসতে বলেছিলাম। আমার সেই সংলাপে বসার প্রস্তাব এখনো অব্যাহত রয়েছে।
শেখ হাসিনা বলেন, আমি বললাম আলোচনায় আসুন। আর উনি (খালেদা জিয়া) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। সরকার উত্খাত করতে চাইলেন। বললেন, আমি নাকি পালানোর পথও খুঁজে পাবো না। আমি উনাকে (খালেদা জিয়া) জিজ্ঞাসা করি, এখন পথহারা কে হলেন? আওয়ামী লীগ সব সময় ধৈর্যে বিশ্বাস করে। অন্য কোন দল হলে কে পথহারা হয়, আর কে পথ খুঁজে পায়- সেটাই জনগণকে বুঝিয়ে দিত। বিরোধীদলীয় নেতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এসব উত্খাত আর আলটিমেটাম বাদ দিন। এগুলো তো ফেইল (ব্যর্থ) হয়েছে। আর বারবার ফেইল (ব্যর্থ) করাই আপনার অভ্যাস। কাজেই এগুলো পরিহার করে গণতন্ত্রের পথে আসুন।
প্রধানমন্ত্রী বলেন, উনার সন্ত্রাস আর তাণ্ডব মানুষ আর দেখতে চায় না। গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক সেটাই জনগণের পাশাপাশি আওয়ামী লীগও চায়। সংসদের আগামী বাজেট অধিবেশনে যোগ দিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া সংসদে মাত্র ৮ দিন যোগ দিয়েছেন। ৬ দিনই তিনি বক্তৃতা করেছেন। কোন বাধা আমরা দেইনি। আমি সংসদ নেতা হলেও স্পিকার আমাকে কম কথা বলতে বলেন। অথচ উনাকে (খালেদা জিয়া) বেশি কথা বলার সুযোগ করে দিয়েছেন। তবে আমি যখন বিরোধীদলীয় নেতা ছিলাম তখন আমাকে বারবার কথা বলতে বাধা দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হত মাইক।
প্রধানমন্ত্রী বলেন, হরতালের নামে বিরোধী দল রেললাইনের ফিসপ্লেট উপড়ে ফেলছে, গাড়িতে আগুন দিচ্ছে, জামায়াতের ক্যাডার দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। বিরোধী দলকে বলবো, হরতাল দিয়ে গরিবের পেটে লাথি মারবেন না। মানুষকে কষ্ট দেবেন না, মানুষ হত্যা করবেন না। পরীক্ষার সময় হরতাল দিয়ে ছেলে-মেয়েদের ভবিষ্যত্ও নষ্ট করবেন না।
আওয়ামী লীগ কারো ভোট কেড়ে নেয়ার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অতীতে কোন খেলা করেনি, ভবিষ্যতেও করবে না।
প্রধানমন্ত্রীর প্রারম্ভিক বক্তব্যের পর তার সভাপতিত্বে রুদ্ধদ্বার মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের মানিকগঞ্জ জেলার সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনসহ সব উপজেলা ও মহিলা আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন। বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
