নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেয়ার অঙ্গীকার

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০৫
নারীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেবার তীব্র অঙ্গীকার ব্যক্ত করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত-শিবির, হেফাজতিসহ সকল ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘প্রতিবাদী নারী গণসমাবেশ’। অসাম্প্র্রদায়িক, গণতান্ত্রিক ও নারী-পুরুষের সমতা-ভিত্তিক বাংলাদেশের দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে তোপখানা সড়কে কদম ফোয়ারার সামনে হাজার হাজার নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে আয়োজিত ‘প্রতিবাদী নারী গণসমাবেশ’ থেকে নারীনেত্রীর ১০ দফা দাবিসহ এসব দাবি জানান। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রতিবাদী নারী গণসমাবেশের সভাপতিত্ব করেন। গণসমাবেশে বক্তারা দশ দফা দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ‘৭২-এর সংবিধান এবং নারী অধিকার ও মানবিক মর্যাদা বিরোধী সকল অপতত্পরতা অবিলম্বে বন্ধ করতে হবে। বক্তারা বলেছেন, হীন-রাজনৈতিক উদ্দেশ্যে যারা নারীর মানবাধিকার খর্ব করতে চায়, সেসব ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমান অধিকার রক্ষায় সকল প্রকার সামপ্রদায়িক অপচেষ্টা ও ধর্মভিত্তিক রাজনৈতিক অপতত্পরতা বন্ধ করতে হবে। দেশের উন্নয়ন ও নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং নারীর সাংবিধানিক অধিকার সুরক্ষার জন্য সকল কুচক্রী মহলের বিরুদ্ধে সরকারকে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে নারী উন্নয়ন নীতিসহ নারী অধিকার সমুন্নত রাখা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য জাতীয় ও আন্তর্জাতিক সকল সনদের বাস্তবায়ন করতে হবে। গণসমাবেশে আয়শা খানম বলেন, যখন নারীরা সর্বক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে তখন হেফাজত ১৩ দফার নামে এ দেশের নারী সমাজকে ১০০ বছর পিছিয়ে দিতে চাইছে। বাংলাদেশের রাজনীতিতে হেফাজত নামধারী যেসব ধর্মব্যবসায়ীর আগাছা গজিয়ে উঠেছে, তা শুরুতেই উপড়ে ফেলতে হবে। তিনি বলেন, কথা একটাই, ১০০ বছর পেছনে নয়; একুশ শতকের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক ও মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর বলেন, এদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের একজনও রাজাকার, আলবদর ছিলেন না। যারা নারী সমাজকে পেছনে নিয়ে যেতে চায়, নারীসমাজ তাদের উত্খাত করবে। কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে, তখন দেশে অস্থিরতা সৃষ্টি করতেই হেফাজতের আবির্ভাব হয়েছে। মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল সরকারের উদ্দেশে বলেন, আপনারা নির্বাচনী ইশতেহারে ৭২’এর সংবিধানে ফিরে যাবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু এখনো তা করা হয়নি। নারীরা যখন রুখে দাঁড়ায়, তখন সবরকম কূপমন্ডকতা, ভন্ডামি বন্ধ হয়ে যায়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হেফাজতি ও তাদের ১৩ দফার বিরুদ্ধে মাঠে নামতে হবে। ব্যারিষ্টার তুরিন আফরোজ বলেন, প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, একজন নারী। ইসলামেই নারীর শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। বিবি খাদিজা ছিলেন একজন সফল ব্যবসায়ী। অথচ, ইসলামের এসব কথা তারা ভুলে গেছেন। শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, এদেশের যত অবদান, সবকিছুই নারীরা করেছেন। জামায়াত-শিবিরের এ দেশে কোন ভূমিকা নেই। প্রতিবাদী নারী গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী, অধ্যাপক মমতাজ বেগম, ড. গীতি আরা নাসরীন, অ্যাডভোকেট সালমা আলী, কবি কাজী রোজী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, নারীনেত্রী মাহফুজা খানম, নাসিমা আক্তার জলি, ডা. আফসানা করীম, ডা. বীনা সিকদার, জাসদ নেত্রী বর্ষা, শাহানা কবীর, শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন, তৃণমূল নেত্রী পাভীন আক্তার, হাজেরা আখতার, ছাত্র মৈত্রী’র নেত্রী শামীমা আক্তার শাওন প্রমুখ। নারীর বিরুদ্ধে রাজশাহীতে সমাবেশ রাজশাহী অফিস জানায়, ‘মায়ের সন্তান হব আর মাকে মানব না’- এ নীতি দেশের নারী সমাজ বাস্তবায়িত হতে দেবে না। আপনারা প্রত্যেকেই একেক জন মায়ের সন্তান। মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়েদের অবরুদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়ে মাতৃভূমির বুকেই নৈরাজ্য সৃষ্টি করছেন। গতকাল শনিবার বিকালে হেফাজতে ইসলামের ইসলাম ও সংবিধান বিরোধী বক্তব্য এবং ১৩ দফা দাবি প্রত্যাহারের দাবিতে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত নারী সমাবেশে বক্তারা একথা বলেন। বিশিষ্ট মানবাধিকার কর্মী ও রাজশাহী প্রতিবাদী নারী সমাজের আহ্বায়ক সালীমা সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব কল্পনা রায়, জিন্নাতুন্নেছা তালুকদার এমপি, বিশিষ্ট সমাজ সেবী শাহিন আক্তার রেনী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, অধ্যাপক তছলিমা খাতুন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, চম্মা সমাদ্দার প্রমুখ।