ভবন নির্মাণে মালিকরা প্রকৌশলীর চেয়ে রাজমিস্ত্রিকে বেশি গুরুত্ব দেন

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০৫
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা বলেছেন, ভবন নির্মাণে মালিকরা রাজউক, স্থপতি, প্রকৌশলী ও পরিকল্পনা-বিদদের কাছে যান না। যান রাজমিস্ত্রির কাছে। ২৫ কোটি টাকার ভবন নির্মাণের জন্য তারা ১০ লাখ টাকাও খরচ করতে চান না। যে কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। গতকাল শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে (আইইবি) ‘মুক্ত আকাশ’, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বিআইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে আয়োজিত ‘ভবন ধস এবং জাতীয় বিল্ডিং কোড’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভবন মালিকরা যে রাজমিস্ত্রিদের গুরুত্ব দেন ওইসব রাজমিস্ত্রির নেই কোনো প্রশিক্ষণ। সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ বলেন, দেশে লাখ লাখ বিল্ডিং অরক্ষিত। রাজউক কঠিন হাতে এটা নিয়ন্ত্রণ না করলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটবে। ভবন ধসের মতো দুর্ঘটনার কখনো বিচার হয়নি। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ও যথাযথ যোগ্যতাসম্পন্ন প্রকৌশলী দিয়ে মাটি পরীক্ষা, স্ট্রাকচারাল ডিজাইন বা নির্মাণ কাজ তদারকি করলে ভয়াবহ দুর্ঘটনায় আমাদের আর পড়তে হতো না । সংসদ সদস্য ফজলুল আজিম বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে দেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এসব দুর্ঘটনা রোধ করতে প্রশাসনিক তদারকি প্রয়োজন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল আউয়াল। আরো উপস্থিত ছিলেন স্থপতি ইনস্টিটিউট-এর সভাপতি মোবাশ্বের হোসেন, স্থপতি অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম।