নারায়ণগঞ্জে নিহত শিক্ষার্থী তারভীর মোহাম্মদ ত্বকীর আপন চাচাতো ভাই গুলিতে আহত হওয়ার ঘটনা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। আহত যুবকের নাম অর্ণব ওয়াহিদ (২৭)। সে শহরের দন্ত চিকিত্সক এম এ রাব্বি ওরফে কবি ওয়াহিদ রেজার ছেলে এবং নারায়ণগঞ্জ তেল গ্যাস রক্ষা কমিটির সভাপতি রফিউর রাব্বির ভাতিজা। সে ঢাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউল্যাবের সিএসই দ্বিতীয় বর্ষের ছাত্র।
এই ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বিসহ সাংস্কৃতিক জোট ও বাম ঘরানার নেতারা অর্ণবকে গুলি করা হয়েছে বলে দাবি করলেও হাসপাতাল সূত্র দাবি করেছে, আহতের শরীরে গুলির কোন আলামত পাওয়া যায়নি। তাছাড়া গুলির আঘাত হলে যে পরিমাণ রক্তপাত হওয়ার কথা সেরকম কোন আলামতও দেখা যায়নি। গত শুক্রবার রাতে শহরের খানপুর জোড়া ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত অর্ণবকে শহরের খানপুর ২শ’শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে সেখানে রাব্বিসহ সাংস্কৃতিক জোটের নেতারা কর্তব্যরত চিকিত্সককে রিপোর্টে গুলির আঘাত হয়েছে বলে লিখতে চাপ প্রয়োগ করেছেন অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত অর্ণব, তার চাচা রফিউর রাব্বিসহ সাংস্কৃতিক জোটের নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশপাশের কেউই কোন গুলির শব্দ পাননি বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরময় খবর ছড়িয়ে পড়ে দন্ত চিকিত্সক এম এ রাব্বির ছেলেকে শহরের খানপুর এলাকায় কে বা কারা গুলি করেছে। আহত অর্ণব নিহত তানভীর ত্বকীর আপন চাচাতো ভাই। খবর পেয়ে শহরের খানপুর ২শ’শয্যা বিশিষ্ট হাসপাতালে গেলে আহত অর্ণব জানান, একটি বিয়ের অনুষ্ঠান থেকে রাতে তিনি আমলাপাড়ার বাসায় ফিরছিলেন। হেঁটে শহরের খানপুর বাস ডিপোর সামনে আসা মাত্র অর্ণব তার শরীরে একটি ধাক্কা এবং গুলির শব্দ পান। এরপরেই তিনি দৌড় দেন। ওই সময় পেছন থেকে আরো কয়েকটি গুলির শব্দ শুনতে পান। জীবন বাঁচাতে অর্ণব দৌড়াতে দৌড়াতে টেলিফোন করেন তার বন্ধু সাইমনকে। পরে সাইমনসহ ৩ বন্ধু অর্ণবকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় শহরের ডনচেম্বার এলাকা থেকে উদ্ধার করে ২০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে এ ব্যাপারে গুলিবিদ্ধ অর্ণবের বাবা ওয়াহিদ রেজা কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন। এব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবদুল মান্নান বলেন, “আমি আক্রান্ত ব্যক্তির ডান হাতের ক্ষত থেকে রক্ত ঝরতে দেখেছি। রোগী জানিয়েছে তাকে গুলি করা হয়েছে। কিন্তু এক্স-রে রিপোর্ট বা ক্ষতস্থান দেখে গুলির কোন আলামত পাওয়া যায়নি। তিনি আরো জানান, আহতের খুব একটা রক্তক্ষরণ হয়নি। তাকে ১০মিনিটের চিকিত্সা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এসময় কর্তব্যরত কয়েকজন স্টাফ অভিযোগ করেন, হাসপাতালে আসা আহতের লোকজন এসময় চিকিত্সককে আঘাতের কারণ গুলি এই মর্মে রিপোর্ট দেয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন। এদিকে এব্যাপারে গতকাল শনিবার খানপুর ও অর্ণবের নিজ এলাকা আমলাপাড়ায় খোঁজ খবর নিয়ে পাওয়া গেছে নানা চাঞ্চল্যকর তথ্য। অর্ণবের আহত হওয়ার ঘটনা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, এই ঘটনার সাথে এখন ত্বকী হত্যাকাণ্ডকে মিলিয়ে নতুন খেলা শুরু হবে।
এব্যাপারে সদর থানার ওসি মঞ্জুর কাদের জানান, থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে আসল ঘটনা বের করতে তদন্ত করা হবে। কারণ, ঘটনাস্থলের আশপাশের কেউ গুলির শব্দ না শুনলেও আহত অর্ণব বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছে বলে জানিয়েছে। তাছাড়া তার শরীরের বিভিন্ন ক্ষত দেখার পরে তার ব্যাপারেও খোঁজ খবর নেয়ার প্রয়োজন আছে বলে মনে করছি। উল্লেখ্য, ত্বকী হত্যার পর থেকেই রফিউর রাব্বি ও সিটি মেয়র আইভী সাবেক এমপি শামীম ওসমানকে সরাসরি তার ছেলের সক্রিয় খুনী বলে আখ্যা দিলেও এখনও পর্যন্ত কোন সাক্ষ্যপ্রমাণ পুলিশের কাছে দিতে পারেননি।
