টানা আট দিনের ছুটির ফাঁদে পড়ছে বেনাপোল বন্দর

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০৬
তিন দিন ব্যবসায়ী ধর্মঘট, হরতাল আর সাপ্তাহিক ছুটির ফাঁদে পড়ে টানা ৮ দিন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্যসহ পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকছে। ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে প্রায় ৮৮ কোটি টাকা। চলতি অর্থ বছরে এই বন্দরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামতে শুরু করেছে। বন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের বখশিশের নামে চাঁদাবাজি বন্ধে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্দর ব্যবহারকারী ৬ সংগঠন ধর্মঘট পালন করে। বুধ ও বৃহস্পতিবার ১৮ দলের হরতাল, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আর আজ রবিবার জামায়াতে ইসলামের ডাকা হরতাল। এই টানা ৮ দিন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকছে। বর্তমানে বন্দরে দেখা দিয়েছে ভয়াবহ পণ্যজট ও যানজট। কর্মব্যস্ত বন্দর এলাকা হয়ে উঠেছে কর্মহীন। এ বন্দরের শত শত শ্রমিক কর্মহীন হয়ে অলস জীবন যাপন করছেন। বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার আকবর হোসেন জানান, আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ের টার্গেট পূরণ হচ্ছে না। তবে পণ্য খালাস না হলেও বন্দর ও কাস্টমস হাউজে সবধরনের কার্যক্রম স্বাভাবিক থাকবে।