সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৭তম দিনে জীবিত উদ্ধার হওয়া রেশমা এখন শরীরিকভাবে সুস্থ আছেন। তবে তার মানসিক অবস্থার উন্নতি এবং দুর্বিসহ স্মৃতি থেকে ফিরিয়ে আনতে চিকিত্সকরা তার সঙ্গে দেখা করা ও কথা বলা নিষেধ করে দিয়েছেন। চিকিত্সকরা বলছেন, শারীরিকভাবে সুস্থ থাকলেও তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রচুর ঘুমের প্রয়োজন। বর্তমানে রেশমা সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন রয়েছেন।
রেশমার চিকিত্সক কর্নেল মো. আজিজুর রহমান গতকাল শনিবার বিকালে ইত্তেফাককে বলেন, রেশমা এখন ক্লান্ত, পরিশ্রান্ত ও আবেগাপ্লুত। শরীরে স্যালাইন, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও নিউট্রেশন দেয়ার ফলে তার অবস্থার উন্নতি হয়েছে। তবে তার শরীরে এখনো পানি শূন্যতা রয়ে গেছে। ঘুমের ব্যাঘাত ঘটেছে। কিডনির কাজ উন্নতির দিকে রয়েছে। তিনি আরো বলেন, শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাতজন চিকিত্-সকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাকে দেখার পর আমাদেরকে জানান, রেশমার এখন ঘুমের প্রয়োজন। এজন্য রেশমার সঙ্গে কথা বলার জন্য নিষেধাজ্ঞা রয়েছে।
কর্নেল আজিজুর রহমান জানান, রেশমার শরীরের কয়েক স্থানে চামড়া ছিলে যাওয়া ছাড়া সব অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক আছে। তার সব ধরনের শারীরিক পরীক্ষা শেষ হয়েছে। উদ্ধারের সময় রেশমার কিডনীর ৫৫ শতাংশ কাজ করছিল না। তবে গতকাল শনিবার সেটা সারিয়ে তোলা সম্ভব হয়েছে। এখনও তার দেহে পানি শূন্যতা ও লবণের ঘাটতি রয়েছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিত্সা দেয়া হচ্ছে।
বর্তমানে তার শরীরের সব রিপোর্ট ভালো। রেশমা স্বাভাবিক খাবার খেতে শুরু করেছেন। তবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে থাকতে হবে। তিনি আরো জানান, গত শুক্রবার উদ্ধার হওয়ার পর থেকেই ভাত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল রেশমা। ডাক্তারদের পরামর্শে উদ্ধারের পর থেকে তাকে তরল খাবার দেয়া হলেও তাতে তার মন ভরছে না। আজ তাকে নরম ভাত খেতে দেয়া হয়েছে।
এদিকে রেশমাকে জীবিত উদ্ধারের ঘটনাকে এক অলৌকিক বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। তিনি বলেন, রানা প্লাজার ধ্বংসস্তূপে ১৭ দিন আটকে থাকার পর রেশমাকে জীবিত উদ্ধার এক অলৌকিক ঘটনা। অক্ষত অবস্থায় তাকে উদ্ধার বিরাট অর্জন, বিরাট প্রশান্তি। তবে শাহিনাকে জীবিত উদ্ধারে আমাদের প্রাণপণ চেষ্টা ছিল। কিন্তু নিয়তির বিধানে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা উদ্ধারকর্মী এজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদকে হারিয়েছি। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে ১৭ দিনে আমরা রেশমাকে খুঁজে পেয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেকানিক্যাল পদ্ধতিতে ভারী যন্ত্রপাতি দিয়ে অত্যন্ত ধৈর্যের সাথে জীবিত ও মৃতদেহ উদ্ধার কাজ করতে হয়েছে। যার কারণে আপাত দৃষ্টিতে উদ্ধার কাজে ধীরগতি মনে হতে পারে।
ভেতরে আটকে থাকা রেশমার প্রাণের স্পন্দন সম্পর্কে তিনি বলেন, সেনাবাহিনীসহ উদ্ধারকর্মীরা যখন তৃতীয় তলায় হোল (গর্ত) করে তখনই নিচের দিকে প্রাণের স্পন্দন পায়। এসময় মেজর মোয়াজ্জেম, মেজর দেলোয়ার ও ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক উদ্ধারকর্মীদের নিয়ে প্রায় ১ ঘন্টা প্রাণপণ চেষ্টার পর রেশমাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। দেশের মানুষের সহায়তা ও দোয়া ছাড়া এ কাজ সম্ভব হত না বলেও তিনি জানান।
তিনি বলেন, সমগ্র দেশের মানুষ রেশমার জন্য দোয়া করেছে। এজন্য আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, মেকানিক্যাল পদ্ধতিতে হেভি সরঞ্জাম ব্যবহার করে ধৈর্য, সম্মান ও ধর্মীয় রীতিনীতি মেনে উদ্ধার কাজ পরিচালিত হচ্ছে। মেশিন যে গতিতে চলে উদ্ধার কাজে আমাদের মন সে গতিতে চলেনি।
রেশমা উদ্ধার হওয়ার পর তার পোশাক পরিচ্ছদে কোনরকম ময়লা আবর্জনা ছিল না, এটি কিভাবে সম্ভব, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিধ্বস্ত মার্কেটের ভেতরে রেশমা কাপড় পেয়ে নিজের পরিধেয় কাপড় পরিবর্তন করেছে বলে রেশমা তাকে জানিয়েছে। সরবরাহকৃত খাবার খেয়ে ও বৃষ্টির পানি পান করে সে এতদিন জীবন ধারণ করেছে। হাসপাতালে রেশমা তার আত্মীয়-স্বজনকে চিনতে পেরেছে এবং আটকে পড়া দুঃসহ জীবনের স্মৃতি মনে করে মাঝে মধ্যে ভয়ে আঁতকে উঠছে।
এর আগে গতকাল দুপুরে কথা হয় রেশমার বড় ভাই জাহিদুলের সঙ্গে। তিনি দিনাজপুরে কটকটি বিক্রি করেন। তিনি বলেন, আমি আমার বোনের সঙ্গে দেখা করেছি। রেশমা তাকে দেখে আনন্দিত হয়ে কিছুক্ষণ হাসে। এর পরই কেঁদে ওঠে রেশমা। তিনি বলেন, আমার বোন আমাকে দেখে ভাই বলে ডাক দিয়েছে। তিনি বলেন, রেশমাকে জীবিত পাওয়ার আশা ছেড়ে লাশ অথবা হাড়গোড়ের অপেক্ষায় ছিলেন তারা।
এদিকে রেশমার মা জোবেদা বেগমের চোখে আনন্দাশ্রুর সঙ্গে সারাক্ষণ মুখ জুড়ে প্রাপ্তির হাসি। এ হাসি গোটা পরিবারের মুখে। উদ্ধারের পর রেশমার মা জোবেদা বেগম জানান, এত দিন স্কুল-হাসপাতালে পাগলের মতো আমার মাইয়ারে খুঁজছি। পাই নাই। আল্লায় বাঁচাইয়া রাখছে। আল্লাহ, তোমার কাছে আর কিছুই চাওয়ার নাই।
