আজ মা দিবস

শুধু মায়ের জন্য একটি দিন

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:০৯
ত্রি-ভূবনের সবচেয়ে মধুরতম শব্দ কনিকা ’মা’। এ ’ছোট্ট’ নামেই সব মমতার মধু মাখা। মা’র স্নেহ ভালোবাসাই কেবল এজগতে নিকষিত হেমের মত নিখাদ অকৃত্রিম এবং প্রতিদানহীন। কোন উপমা বা সংজ্ঞা দিয়ে মায়ের এ ভালোবাসার পরিধি ও গভীরতা পরিমাপ করা যায় না। মা উচ্চারণের সাথে সাথে হূদয়ের অতল গহীনে যে আবেগ ও অনুভূতি রচিত হয়, তাতে অনাবিল সুখের প্রশান্তি নেমে আসে। প্রতিদিন প্রতিক্ষণে নিজেকে বিলিয়ে দিয়ে সন্তানদের পৃথিবীতে চলার যোগ্য তৈরি করে দেন যিনি, সেই নমস্যা ‘মা’ কে বছরে একটি দিন বিশেষভাবে মাতৃ ভক্তরা পালন করেন। সেই দিনটি আজ। বিশ্ব মা দিবস। শুধু মায়ের জন্য একটি দিন। মা দিবস পালন নিয়ে উইকিপিডিয়া তুলে ধরেছে দুটি ইতিহাস। একটি হল :‘মা দিবসের’ প্রচলন শুরু হয় প্রথম প্রাচীন গ্রীসে। সেখানে প্রতি বসন্তকালে একটি দিন দেবতাদের মা ‘রিয়া’ এর উদ্দেশে উদযাপন করা হতো। তবে বিশ্বে অন্যত্রও বিভিন্ন সময় ‘মা দিবস’ পালিত হতো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। রোমানরা পালন করতেন ১৫ মার্চ থেকে ১৮ মার্চের মধ্যে। তারা দিনটিকে উত্সর্গ করেছিলেন ‘জুনো’র প্রতি। ষোড়শ শতাব্দী থেকে এই দিনটি যুক্তরাজ্যেও উদযাপন করা হতো ‘মাদারিং সানডে’ হিসেবে। ইষ্টার সানডের ঠিক তিন সপ্তাহ আগের রবিবারে এটি পালন করেন তারা। অপর ইতিহাস হলো-সর্ব প্রথম ১৯১১ সালের মে মাসের দ্বিতীয় রবিবার আমেরিকা জুড়ে মায়েদের প্রতি সম্মান প্রদর্শন করে ‘মাদারিং সানডে’ নামে একটি বিশেষ দিন উদযাপন করা হয়। এর পর আমেরিকার চৌহদ্দি ছাড়িয়ে মা দিবসটি সার্বজনীন করে তোলার লক্ষ্যে এগিয়ে আসেন জুলিয়া ওয়ার্ড নামের এক আমেরিকান। মা দিবসকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার লক্ষ্যে ১৮৭২ সালে জুলিয়া ওয়ার্ড ব্যাপক লেখালেখি শুরু করেন। এরপর ১৮৭২ সালের মে মাসের দ্বিতীয় রবিবার নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতে জুলিয়া ওয়ার্ড নিজে ‘মা দিবস’পালন করেন। ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। এরপর পৃথিবীর দেশে দেশে মা দিবসটি পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে। পৃথিবীর সব দেশেই এই মা শব্দটিই কেবল সার্বজনীন। মা প্রথম কথা বলা শেখান বলেই মায়ের ভাষা হয় মাতৃভাষা। মা হচ্ছেন মমতা-নিরাপত্তা-অস্তিত্ব, নিশ্চয়তা ও আশ্রয়। মা সন্তানের অভিভাবক, পরিচালক, দার্শনিক, দিক-নির্দেশক, শ্রেষ্ঠ শিক্ষক ও বড় বন্ধু। সন্তানের প্রতি মায়ের এই তীব্র মমতা প্রসঙ্গে বিজ্ঞান বলে, মায়ের দুধে এক প্রকার রাসায়নিক যৌগিক পদার্থ আছে-যা সন্তানের দেহে প্রবেশ করলে মা ও সন্তানের মধ্যে চুম্বক প্রীতি ও সৌহার্দের নিবিড় বন্ধন রচিত হয়। মায়ের দেহে নিউট্রোপেট্রিক রাসায়নিক পদার্থ থাকায় মায়ের মনের মাঝে সন্তানের জন্য মমতা জন্ম নেয়। তবে মায়ের ভালোবাসার ক্ষমতা বিজ্ঞানের মাপকাঠিতে নির্ণয় করা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সালামের নিকট এক সাহাবা জিজ্ঞাসা করলেন “আমার উপর সবচেয়ে বেশী অধিকার কার? রাসুলুল্লাহ(সঃ)বললেন “তোমার মায়ের”। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন “আমার উপর সবচেয়ে বেশী অধিকার কার? রাসুলুল্লাহ(সঃ)বললেন “তোমার মায়ের”। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন “আমার উপর সবচেয়ে বেশী অধিকার কার? রাসুলুল্লাহ(সঃ)বললেন “তোমার মায়ের”। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন “আমার উপর সবচেয়ে বেশী অধিকার কার? রাসুলুল্লাহ(সঃ)বললেন “তোমার বাবার”। মাকে স্মরণ করে জগদ্বিখ্যাত মনীষী আব্রাহাম লিংকন বলেছিলেন, ‘আমি যা কিছু পেয়েছি, যা কিছু হয়েছি, অথবা যা হতে আশা করি, তার জন্য আমি আমার মায়ের কাছে ঋণী’। নেপলিয়নের সেই সার্বজনীন কথাটি খুব প্রসিদ্ধ - ’আমাকে একজন ভাল মা দাও, আমি তোমাদের একটি ভাল জাতি উপহার দেব”। মাকে শ্রদ্ধা ও ভালবাসা জানানোর নির্দিষ্ট কোন দিন নাই। মায়ের প্রতি ভালবাসা প্রতিটি মুহূর্তের। তারপরও বিশ্বের সকল মানুষ যাতে এক সাথে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারে সে জন্য আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়। প্রতিটি মায়ের মনের কথা যেমন,‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। তেমনি প্রতিটি সন্তানের প্রতিদিনের ভাবনা - ’জননী আমার তুমি,পৃথিবী আমার,তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই, ’হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারী কোলেতে পাই যেন ঠাঁই,মা গো।’