চলমান সংকটে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে আছে :অর্থমন্ত্রী

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:১০
দেশে চলমান রাজনৈতিক সংকটে আর্থিক দুরবস্থার কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, গত দেড় মাস ধরে দেশে চলমান সংকটের ফলে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে আছে। দেশে বায়ার ও ডোনাররা আসতে পারছে না। এ ধরনের পরিস্থিতির বিরূপ প্রভাব আগামী অর্থ বছরে দেখা যাবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল রাজধানীর আগারগাঁওস্থ এনইসি সম্মেলন কক্ষে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। উল্লেখ্য, গত প্রায় দেড়-দুমাস ধরে ক্রমাগত হরতাল, অবরোধসহ সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক খাতসহ সার্বিক শিল্পখাতে বিরূপ প্রভাব পড়ছে। বাতিল হয়ে যাচ্ছে অনেক অর্ডার। সেই সাথে যুক্ত হয়েছে তৈরি পোশাক শিল্পে আগুন ও ভবন ধসের মতো ব্যাপক প্রাণহানির ঘটনা। এর ফলে অনেক আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা এদেশে তাদের সফর স্থগিত কিম্বা বাতিল করেছে। এ ধরনের পরিস্থিতিতে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এরকম পরিস্থিতিতে দেশের অর্থনীতির বাস্তব পরিস্থিতি তুলে ধরলেন অর্থমন্ত্রী। গতকালকের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সিপিডির নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান, এনজিও ফেডারেশনের চেয়ারম্যান আবুল বায়েস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন রশিদ প্রমুখ। আগামী অর্থ বছরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ রাখায় অন্যান্য উন্নয়ন প্রকল্পের বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। অর্থমন্ত্রী বলেন, সার্বভৌম বন্ড ছেড়েও পদ্মা সেতু প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করা হবে। আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে এই বন্ড বাজারে ছাড়া হবে। অর্থমন্ত্রী জানান, প্রায় ১৮ বিলিয়ন ডলারের অর্থ পাইপ লাইনে আটকে আছে। নির্বাচনী বছরের বাজেট হলেও আসছে বাজেট গতানুগতিকই হবে। অধ্যাপক রেহমান সোবহান তার বক্তব্যে আগামী বাজেটে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, পূর্বের ইতিহাস বলে দেশের শেয়ারবাজার ‘ক্যাসিনো’তে পরিণত হয়েছিলো। এরজন্য প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে দায়ী করেন তিনি। সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) কথা বলা হলেও এর সুফল মিলছে না। ড. মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনী বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাবার প্রবণতা থাকে। এ বিষয়ে সাবধান হতে হবে। চলতি ২০১২-২০১৩ অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। তিনি বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী অনেক লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব নয়। আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তবতার নিরিখে নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সেই সাথে প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগের প্রতিও গুরুত্ব দেয়া উচিত। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান তার বক্তব্যে শেয়ারবাজারে সরকারি নিয়ন্ত্রণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান। সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, সরকার উচ্চ সুদ দেয়ার পরও সঞ্চয়পত্রে বিনিয়োগে সাধারণ মানুষ আগ্রহ হারাচ্ছে। আসছে বাজেটে এ বিষয়ে নজর দেয়া উচিত। তাছাড়া সার্বভৌম বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের বিষয়ে বিভিন্ন ঝুঁকির দিক তিনি উল্লেখ করেন।