খালেদা জিয়ার সঙ্গে বৈঠক

সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচন চায় জাতিসংঘ

আপডেট : ১১ মে ২০১৩, ২৩:১৩
সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো গতকাল সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে বলেছেন, জাতিসংঘ চায় সব দলের অংশগ্রহণের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। তারানকো আশা প্রকাশ করেন যে, সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন হবে। আর সে নির্বাচনের জন্য সবাই মিলে সুষ্ঠু সমাধান খুঁজতে হবে। গুলশানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বৈঠক করে তারানকো চলে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী। তারানকোর বক্তব্যে খালেদা জিয়া একমত পোষণ করেন বলে জানান শমসের মোবিন চৌধুরী। শমসের মোবিন বলেন, এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন দুই নেত্রীকে সমঝোতার ভিত্তিতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে যে চিঠি দিয়েছেন তারানকো তা তুলে দেন খালেদা জিয়ার হাতে। জাতিসংঘের সহকারী মহাসচিব আশা প্রকাশ করেন, চলমান সঙ্কট সমাধানের মাধ্যমে আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথ খুঁজে বের করা সম্ভব হবে । খালেদা জিয়ার সঙ্গে তারানকোর বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ অংশ নেন। এই বৈঠকে নেতারা তারানকোর কাছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর বর্ণনা দেন। বেগম জিয়া বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। বিএনপি আলোচনার পক্ষে, তারা সমাধান খোঁজার চেষ্টা করছে। তবে সংলাপের যে আহ্বান সরকার জানিয়েছে, তাতে কোনো আন্তরিকতা নেই। এর আগে এই বৈঠককে সামনে রেখে দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির একটি প্রতিনিধি দল জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকোর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিএনপির পক্ষ থেকে এই সরকারের ‘বিরোধী দল নিপীড়নের’ তথ্য-দলিল-দস্তাবেজ প্রামাণ্য তুলে ধরা হয়। কেন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না তাও উপস্থাপন করা হয়। এই বৈঠকে আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়, তা নিয়ে সরকারকে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় বিএনপি। বিএনপি নেতারা জানান, বিএনপি চায় বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। তাদের অবস্থান নির্বাচনমুখী। ক্ষমতার পালাবদল নির্বাচনের মাধ্যমেই হোক। তবে সে নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে না হলে দেশের মানুষ গ্রহণ করবে না। দেশের প্রায় সব মানুষ চায় তত্ত্বাবধাযক সরকারের অধীনে নির্বাচন। জাতিসংঘের প্রতিনিধিরা এ সময় বিএনপির কাছে জানতে চান, আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের কোনো ফর্মুলা আছে কি না। তখন বিএনপির তরফ থেকে জানানো হয়, এত দিন যে তত্ত্বাবধায়ক ছিল, সেটি সব দলের ঐকমত্যের ভিত্তিতে ছিল। তাই ওই প্রক্রিয়ায় থেকে চলমান সমস্যার সমাধান করা যাবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পক্ষে আদালতের রায়ের বিষয়টি সম্পর্কে সহকারী মহাসচিবের প্রতিনিধিরা জানতে চাইলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, ওই পদ্ধতির সিদ্ধান্ত সব রাজনৈতিক দল আলোচনা করে নিয়েছিল। ওই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সরকার গঠনের পর দেশ পরিচালনাও করা হয়েছে। তাই এটাকে অবৈধ বলা যায় না। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করছে। দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাকে জেলে নেয়া হয়েছে এবং অনেকে এখনো জেলে আছেন। এ অবস্থায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সরকার আরো হিংস্র আচরণ করবে বলে বিএনপি আশঙ্কা করে। এসময় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।