সারাদেশে গত দুই দিনে পুলিশ অভিযান চালিয়ে হেফাজত-জামায়াত-শিবিরের ৪ মহিলাসহ ৫২ জন নেতা-কর্মী গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজ রবিবার ডাকা হরতাল ও বিভিন্ন মামলার আসামী হিসাবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। চট্টগ্রাম অফিস, রাজশাহী অফিস, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বাগেরহাট প্রতিনিধি, সাতক্ষীরা প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা ও গৌরনদী (বরিশাল) সংবাদদাতার পাঠানো খবর।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীতে অভিযান চালিয়ে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ৬ নেতা-কর্মীকে গত শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। নগরীর বাকলিয়া, হালিশহর, ডবলমুরিং ও পাহাড়তলী এলাকার বিভিন্ন বাসা ও মেস থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন—শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক ই আজম (২৫), জামায়াত কর্মী মো. আজগর (৫০), শিবিরের সাথী হাসান মাহমুদ (২৩), কামাল (৪৩) এবং বাকলিয়া এলাকা থেকে আটক হওয়া অপর ২ জনের নাম জানা যায়নি। এর মধ্যে শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক ই আজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসল?ামের ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
রাজশাহী অফিস জানায়, মহানগরীর খড়খড়ি এলাকা থেকে গতকাল ১৬ শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে মাসুম নামে একজন আহত হয়েছেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, পুলিশ ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল জামায়াতের ৪ মহিলা কর্মীসহ ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা এম আশরাফুল আলম, জামায়াত কর্মী ঝিনাইদহ সদর উপজেলার গড়িযালা গ্রামের পারভীন আক্তার ও মাজেদা খাতুন, কেছমত গড়িয়ালা গ্রামের মহিরুন্নেছা ও নাছিমা খাতুন, বড় গড়িয়ালা গ্রামের মিকাইল রহমান, কেছমত গড়িয়ালা গ্রামের রফিউদ্দিন, বড়গরিয়ালা গ্রামের সেলিম হোসেন ও মহিদুল ইসলাম এবং হরিপুর গ্রামের মনিরুল ইসলাম।
বাগেরহাট প্রতিনিধি জানান, পুলিশ ২ জন ইমামসহ হেফাজতে ইসলাম ও জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। জেলার মংলা, মোরেলগঞ্জ, ফকিরহাট ও বাগেরহাট মডেল থানা পুলিশ গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এদের মধ্যে ফকিরহাট থানা পুলিশ ৪ জন, মোরেলগঞ্জ থানা পুলিশ ৪ জন, মংলা থানা পুলিশ ১ জন এবং বাগেরহাট মডেল থানা পুলিশ অপর ১ জনকে গ্রেফতার করে। তারা হলেন বাগেরহাট শহরের সোনাতলা জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক আলী (৫০), ফকিরহাট উপজেলার তেলিপুকুর জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন (৩৫), ফকিরহাটের ইসলামী ছাত্র শিবির কর্মী শেখ রবিউল আলম (৩০), মঞ্জুরুল ইসলাম (২০) ও তানভীর সরদার (৩০)। মংলা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম (২৮) এবং মোরেলগঞ্জের জামায়াত কর্মী মোশাররফ হোসেন (৩৫), তাজুল ইসলাম (৪২), দুই সহোদর ফজলুর রহমান (৫৫) ও মোস্তাফিজুর রহমান (৪০)। পুলিশ বলছে, তারা জামায়াত-শিবিরের নেতা-কর্মী। এদের মধ্যে কয়েকজন হেফাজতে ইসলামের কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার আশাশুনিতে গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. নুরুল আমীন ও সাবেক সেক্রেটারি আলমগীর আলম পিন্টু গ্রেফতার করেছে। এছাড়াও পাটকেলগাটা থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত কর্মী আব্দুল গফফারকে গ্রেফতার করা হয়েছে।
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহবুবুল আলমকে গত শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। সদরের নন্দীপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে উপজেলা ও পৌর জামায়াতের ৫ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। গৌরনদী থানার একদল পুলিশ পৌরসভার চরগাধাতলী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, গৌরনদী বাসস্ট্যান্ড থেকে পৌর জামায়াতের সাবেক আমীর ও জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য ধামুড়া কলেজের শিক্ষক আলাউদ্দিন মিয়া, পশ্চিম শাওড়া এলাকা থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কলেজ শিক্ষক মো. সাইফুল ইসলাম, উত্তর বিজয়পুর এলাকা থেকে উপজেলা জামায়াতের রোকন টিপু চোকদার, আশোকাঠি এলাকা থেকে জামায়াতের রোকন সোহরাব সরদারকে গ্রেফতার করেছে।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদমা এলাকা থেকে স্থানীয় জামায়াত নেতা মাহবুবুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে। মিঠাপুকুরে সংগঠিত সহিংস ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় এই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
